নিরাপত্তা ও শৃঙ্খলা বেড়েছে শাহজালাল বিমানবন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে-বাইরে নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন এসেছে। নিরাপত্তা তদারকিতে ব্রিটিশ বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান রেডলাইন নিযুক্ত হওয়ার পর বিদেশগামী ব্যক্তিদের পাশাপাশি বিদেশ থেকে আসা যাত্রীদের নিরাপত্তা-তল্লাশির মধ্যে পড়তে হচ্ছে। আগমনী ও বহির্গমন—উভয় টার্মিনালের ভেতরে-বাইরে শৃঙ্খলাও অনেক উন্নত হয়েছে।
গতকাল শনিবার বিমানবন্দর ঘুরে এ পরিবর্তন চোখে পড়েছে। গতকাল বিকেলে মালয়েশিয়া থেকে আসা দুই প্রবাসী শ্রমিক—বেলাল হোসেন ও শরীফুল হক বলেন, তাঁদের মালামাল আবার তল্লাশি হয়েছে। তারপরও বিমান থেকে নামার পর বের হওয়া পর্যন্ত শৃঙ্খলা থাকায় তাঁরা সন্তুষ্ট। তবে বিদেশফেরত যাত্রীদের আবার নিরাপত্তা-তল্লাশিতে পড়ায় বিরক্তি প্রকাশ করেছেন আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজে আসা দুজন নারী যাত্রী।
বিমানবন্দর সড়কের গোলচত্বর থেকে শাহজালালে প্রবেশ করার মুখেই যে জিগজ্যাগ (আঁকাবাঁকা) সড়ক ছিল, সেটা আরও সম্প্রসারিত করা হয়েছে। বিদেশগামী ব্যক্তিদের ক্ষেত্রে এই জিগজ্যাগ পার হওয়ার পর দোতলায় বহির্গমন টার্মিনালে ঢোকার আগেই টিকিট ও পাসপোর্ট দেখে যাত্রীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। আগে যাত্রীর সঙ্গে বিদায় জানাতে যাওয়া সঙ্গীও ফটক পর্যন্ত যেতে পারতেন। এখন সেটা বন্ধ। টিকিট কিনে টার্মিনালের ভেতরে ঢুকে যাত্রীদের বিদায় বা অভ্যর্থনা জানানোর যে ব্যবস্থা ছিল, সেটা গত অক্টোবর থেকেই বন্ধ আছে।
ভেতরে আগের মতোই যাত্রীদের দুবার নিরাপত্তা-তল্লাশির মুখে পড়তে হচ্ছে। প্রথমে ঢোকার মুখে, পরে বোর্ডিং ব্রিজে যাওয়ার আগে (ফাইনাল চেক)। দুই জায়গায়ই বিমানবন্দরের কর্মীরাই নিরাপত্তা-তল্লাশি, মালামাল স্ক্যানিং করছেন। পাশে থেকে বিষয়টি তদারকি করছেন ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের বিশেষজ্ঞরা। একই সঙ্গে কার্গো ভিলেজে পণ্যবাহী কনটেইনার স্ক্যানিংয়েও তদারকি করছেন ব্রিটিশ কর্মীরা। ২১ মার্চ থেকেই রেডলাইনের কর্মীরা এই দায়িত্ব পালন করে আসছেন। আজ রোববার থেকে রেডলাইনের কর্মীরা তদারকির পাশাপাশি নিজেরাও স্ক্যানিং ও তল্লাশি করবেন বলে জানিয়েছেন বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের বাইরের যে নিরাপত্তা, সেটা সশস্ত্র নিরাপত্তা। সেটা তাঁরা দিচ্ছেন। তাতে আগের মতোই কড়াকড়ি আছে। এই নিরাপত্তা নিয়ে বিদেশি কোনো বিশেষজ্ঞ আপত্তি করেননি। তিনি বলেন, বিমানবন্দরের ভেতরের নিরস্ত্র নিরাপত্তার কাজ করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মীরা। তাঁরাই যাত্রীদের তল্লাশি, মালামাল স্ক্যানিং করেন।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তল্লাশি, স্ক্যানিংসহ টার্মিনালের ভেতরে নিরস্ত্র নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বড় অংশ দৈনিকভিত্তিক অস্থায়ী কর্মী। বছরের পর বছর তাঁরা এভাবে কাজ করছেন। এ কাজে স্থায়ী জনবল নিয়োগ ও তাঁদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে গত ৪৪ বছরে সরকার মনোযোগ দেয়নি।
যাত্রীর ব্যাগে পিস্তলের ম্যাগাজিন: গত শুক্রবার ব্যাংককগামী এক যাত্রীর ব্যাগে পিস্তলের ম্যাগাজিন পাওয়া গেছে। তাতে সাতটি গুলি ছিল। স্ক্যানিংয়ের সময় বিষয়টি ধরা পড়ার পর ওই যাত্রীকে পুলিশে দেওয়া হয়। আওলাদ হোসেন নামের (৬৮) ওই যাত্রী পেশায় আইনজীবী।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওলাদ বলেছেন, তাঁর লাইসেন্স করা পিস্তল আছে। চিকিৎসার জন্য তিনি ব্যাংকক যাচ্ছিলেন। ভুলে হাতব্যাগে পিস্তলের ম্যাগাজিন রয়ে গেছে। সম্প্রতি বাসা পাল্টানোর কারণে তাঁর এই ভুল হয়েছে বলে দাবি করেন তিনি। ওই যাত্রীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ড চায় পুলিশ।
আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক লিটন মিয়া জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম ইমদাদুল হক গতকাল আওলাদ হোসেনের জামিন মঞ্জুর করেছেন।