নিরাপত্তা কর্মকর্তা হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণ কাফরুলে বেসরকারি একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তা সরদার রফিকুজ্জামান হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ফাহরিনা মিষ্টি (২৬) নামের ওই নারীকে গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি।
অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। ওই নারীর বাসা থেকে রফিকুজ্জামানের হারিয়ে যাওয়া একটি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
আজ দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, চার-পাঁচ বছর আগে মুঠোফোনে ফাহরিনার সঙ্গে রফিকুজ্জামানের পরিচয় হয়। এরপর থেকে তাঁদের মধ্যে সম্পর্ক চলে আসছিল। হুমকি দিয়ে নিজের বন্ধুদের সঙ্গেও ফাহরিনাকে সম্পর্ক গড়তে বাধ্য করেন রফিকুজ্জামান। এই ক্ষোভ থেকে রফিকুজ্জামানকে হাত-পা বেঁধে হত্যা করেন ফাহরিনা।
রফিকুজ্জামান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেড নামের বেসরকারি নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রতারক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের চাচাতো ভাই হিসেবে পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ফারুক আজম ওরফে আবদুস সোবহান (৩৫)। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
রাজধানীর পশ্চিম রামপুরা ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, পুলিশের ব্যবহার করা সরঞ্জাম ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।