চোরের হাত থেকে বিদ্যুৎ বিভাগের মূল্যবান সরঞ্জাম রক্ষার ভার ছিল তিনজন কর্মকর্তার হাতে। সে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেরাই চুরি করে বসেন প্রায় ২০ লাখ টাকা দামের একটি সার্কিট প্যানেল। এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আগ্রাবাদ বিক্রয়কেন্দ্রের অধীন একটি উপকেন্দ্রে।পিডিবি সূত্র জানায়, এ চুরির সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তিনজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁরা হলেন: চট্টগ্রাম পিডিবির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) এ বি এম আবদুল হালিম, নিরাপত্তা বিভাগের পরিদর্শক আবদুল মোতালেব ও আবুল কালাম আজাদ। এ তিনজন চট্টগ্রাম পিডিবির প্রধান ভবন, ১১টি বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ২৮টি উপকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ মার্চ পিডিবি তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর থেকে এক আদেশ জারি করা হয়। ওই আদেশে বলা হয়, উপকেন্দ্রের সার্কিট প্যানেল চুরির সঙ্গে তিনজন কর্মকর্তার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাঁদের বাধ্যতামূলক অবসর শাস্তি আদেশ দেওয়া হয়। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পিডিবির বোর্ড সভায় এ শাস্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয়।পিডিবির সদস্য (প্রশাসন) হুমায়ুন কবির খান প্রথম আলোর কাছে শাস্তি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।পিডিবি সূত্রে জানা যায়, ২০১০ সালের ১২ আগস্ট আগ্রাবাদ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের অধীন আগ্রাবাদ জাম্বুরি মাঠের কাছে অবস্থিত ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সার্কিট প্যানেল চুরি হয়। এ ঘটনায় আগ্রাবাদ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মকবুল হোসেন বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ পাবনার বেড়া উপজেলা থেকে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ছিলেন ওই উপকেন্দ্রের পাহারাদার। গ্রেপ্তারের পর তিনি পুলিশকে বলেন, নিরাপত্তা বিভাগের তিনজন কর্মকর্তা এ বি এম আবদুল হালিম, আবদুল মোতালেব ও আবুল কালাম আজাদ উপস্থিত থেকে একটি ট্রাকে করে ওই সার্কিট প্যানেল সরিয়ে দেন। এগুলো পরে সীতাকুণ্ডের শিল্পকারখানায় বিক্রি করে দেন তাঁরা। ফৌজদারি মামলার পাশাপাশি চট্টগ্রাম পিডিবির তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে (উত্তর) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি চুরির কাজে তাঁদের সংশ্লিষ্টতার খবর দিয়ে প্রতিবেদন দেয়। এরপর ২০১০ সালের ১৮ আগস্ট ওই তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে সাময়িক বরখাস্তের পর আরও তিন মাস তাঁরা নিয়মিত চট্টগ্রাম বিদ্যুৎ ভবনে যাওয়া-আসা করেন এবং নিজ নিজ কার্যালয়ে বসেন। পরে নিরাপত্তা বিভাগে নতুন কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর তাঁরা কক্ষ ছেড়ে দেন। পুলিশ সূত্রে জানা যায়, তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় যে মামলা করা হয়েছিল, তা বর্তমানে তদন্তাধীন। এ মামলায় অভিযোগপত্র দেওয়াসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইনে শাস্তি হতে পারে বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।