নিরাপত্তা চাইলেন ঝালকাঠির মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
বুধবার ঝালকাঠি পৌরসভা কার্যালয়ের বাইরে মেয়র ও কাউন্সিলরদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মেয়রের ভাইসহ সাতজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেয়র আফজাল হোসেন বলেন, ‘২০১১ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পরাজিত এক প্রার্থী প্রভাবশালী এক রাজনীতিকের সহযোগিতায় আমাকে মেয়র পদ থেকে সরানোর জন্য নানা অপচেষ্টা চালাচ্ছেন। ওই প্রভাবশালী ব্যক্তি ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করেছিলেন। আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তখন শেখ হাসিনার জন্য রাস্তায় নেমেছিলাম।’
মেয়র আরও বলেন, ‘প্রভাবশালী মহলের যোগসাজশে যেকোনো সময় নরসিংদীর মেয়র লোকমান হোসেনের মতো আমাকেও হত্যা করা হতে পারে। একমাত্র প্রধানমন্ত্রীই আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিতে পারেন।’
মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ১০ জন কাউন্সিলরের সঙ্গে মেয়র আফজাল হোসেনের দুই বছর ধরে বিরোধ চলছে। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের নেতৃত্বে কাউন্সিলররা মেয়রকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন।