গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম (লিটন) হত্যার কারণ উদ্ঘাটন ও খুনিদের শনাক্ত করার বিষয়ে এখনো কোনো সূত্র (ক্লু) খুঁজে পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানতে চাইলে গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মাঠে তদন্তকাজ এগিয়ে চলছে। এখনো বলার মতো কোনো অগ্রগতি হয়নি।
এদিকে ঢাকায় অবস্থানরত সাংসদের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান পরিবারের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশ চেয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ গত রাতে প্রথম আলোকে বলেন, নিহত সাংসদের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান পরিবারের নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন করেছেন। আবেদনে বলেছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তার জন্য তাঁদের সার্বক্ষণিক পুলিশ প্রয়োজন। চিঠির বিষয়টি কমিশনারের কার্যালয় থেকে ধানমন্ডি থানাকে জানানো হয়েছে। এরপর থানা থেকে পুলিশের একটি দল সাংসদের স্ত্রীর সঙ্গে দেখা করেছে এবং যেকোনো সময় প্রয়োজন হলে পুলিশ সহযোগিতা করবে বলে জানিয়ে এসেছে।
সাংসদ মনজুরুল হত্যার প্রতিবাদে গতকালও গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সুন্দরগঞ্জে এখনো বিজিবি সদস্যরা অবস্থান করছেন। হত্যার রহস্য উদ্ঘাটন ও খুনিদের খুঁজে বের করার জন্য সক্রিয় রয়েছে পুলিশ, র্যা ব ও পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী নিজে তদন্তের খোঁজখবর নিচ্ছেন, তাই জেলার প্রত্যেক পুলিশ কর্মকর্তা অনেকটা নাওয়া-খাওয়া বাদ দিয়ে কাজ করছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি ক্যাপসহ উদ্ধার করা বেশ কিছু আলামত ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি চলছে অভিযান। আশা করা যাচ্ছে, অচিরেই ফল পাওয়া যাবে।
তদন্ত কোন দিকে এগোচ্ছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, অনেক রকম তথ্য মিলছে, এর সঙ্গে উদ্দেশ্য মিলিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জামায়াত, জঙ্গি বা অন্য যেকোনো ‘ইন্টারেস্ট গ্রুপ’ ঘটাক না কেন, এর সঙ্গে সাংসদের কাছের কোনো মানুষ যুক্ত থাকাটা অস্বাভাবিক নয়।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, জামায়াত ছাড়া আর কেউ এ হত্যাকাণ্ডে জড়িত, তা তাঁরা ভাবতে পারছেন না, কোনো হিসাবও মিলছে না। তিনি বলেন, খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ, বিক্ষোভ অব্যাহত রাখবেন।
ঘটনার তদন্ত, আসামি গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য সুন্দরগঞ্জে কয়েক দিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। কর্মকর্তারা এলাকার লোকজনের সঙ্গে কথা বলছেন, ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। এ ছাড়া সুন্দরগঞ্জ থানায় এর আগে কাজ করে অন্যত্র বদলি হয়ে গেছেন, এমন কয়েকজন কর্মকর্তাকেও ডেকে আনা হয়েছে তদন্তকাজে সাহায্যের জন্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্প করে থাকছেন।
অন্যদিকে নিহত সাংসদ মনজুরুলের বিরুদ্ধে ২০১৫ সালের ২ অক্টোবর এক শিশুকে গুলি করে হত্যাচেষ্টার মামলাটি গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ (শিশু আদালত) শরীফুল ইসলামের আদালতে শুনানির দিন ছিল। শুনানিতে মামলার আসামি মনজুরুল যে নিহত হয়েছেন, সে বিষয়টি আদালতকে অবহিত করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত ১৫ দিনের মধ্যে সুন্দরগঞ্জ থানাকে বিষয়টি জানাতে বলেছেন।