নিরাপত্তা চেয়ে থানায় অ্যাসিড আক্রান্তের জিডি
দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে আক্রান্ত তাহমিনা আক্তার (১৬) বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর থানায় নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছে। অ্যাসিড ছোড়ার ঘটনায় করা মামলার আসামি জামিন পাওয়ার পর তাকে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করে সে।
তাহমিনা বলে, তার করা মামলার অন্যতম আসামি সাহাব উদ্দিন (২৮) গত মঙ্গলবার আদালত থেকে জামিনে মুক্তি পান। তিনি বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য তাকে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি জামিনের পরপরই আসামির আত্মীয়স্বজনেরা তার বাড়ির সামনে গিয়ে উল্লাস প্রকাশ করে। এ বিষয়ে গত বুধবার প্রথম আলোয় ‘জামিন পেয়েই বাদীর বাড়ির সামনে উল্লাস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামের আছকির মিয়ার মেয়ে তাহমিনা আক্তার গত এসএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী ছিল। তার সর্বশেষ পরীক্ষা ছিল ইসলাম ধর্ম। পরীক্ষার আগের দিন (১১ মার্চ) রাতে পড়াশোনা শেষ করে নিজ ঘরে ঘুমাতে যায় তাহমিনা। রাত প্রায় একটার দিকে কৌশলে তাঁর ঘরের দরজা খুলে তিনজন দুর্বৃত্ত অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান।