নিরাপত্তা চেয়ে আনন্দ ও নসিব পরিবহনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতার সুযোগে আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানের অনুগত লোকজন ২৪ থেকে ২৬ অক্টোবর হামলা চালিয়ে পরিবহন কোম্পানির কার্যালয় দখলে নিতে পারেন। এই আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে গতকাল মঙ্গলবার আবেদন করেছে আনন্দ ও নসিব পরিবহন কর্তৃপক্ষ।
নসিব পরিবহন নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল পর্যন্ত চলাচল করে। আর আনন্দ পরিবহন ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চলাচল করে।
নসিব পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আউয়ালের লিখিত আবেদনে বলা হয়েছে, গত ২৩ আগস্ট থেকে তাঁরা শামীম ওসমানের শ্যালক এহসানুল হাসান নিপুকে চাঁদা দেওয়া বন্ধ করে দেন। এরপর তাঁরা ভাড়া কমান। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে ২৫ ও ২৬ অক্টোবর নিপু, সাইফুল, মুরাদ গং নসিব পরিবহনের কার্যালয় দখলের হুমকি দিচ্ছেন।
অন্যদিকে আনন্দ পরিবহনের সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক রওশন আলী সরকার তাঁদের আবেদনে আশঙ্কা প্রকাশ করে বলেন, চাঁদা দেওয়া বন্ধ করে তাঁরাও ভাড়া কমিয়েছেন। তাই শামীম ওসমানের অনুগত মুক্তার হোসেন, দিদারুল ইসলাম, সাইফুল উদ্দিন, জয়নাল আবেদীন, মোস্তফা কামাল, সুলতান ড্রাইভার, আহমেঞ্চদ আলী ২৫ ও ২৬ অক্টোবর আনন্দ পরিবহনের কার্যালয়ে হামলা করতে পারেন। তাই তাঁরা নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চান।