নিরাপত্তা চেয়ে এক নারী ব্লগারের জিডি
নিরাপত্তা চেয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় এক নারী ব্লগার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে থানায় এসে ওই নারী জিডি করেন।
ওই নারী ব্লগারের বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় লালমাটিয়ার বাসা থেকে বের হয়ে ধানমন্ডির মিনা বাজারে যাওয়ার সময় অজ্ঞাত দুই যুবক তাঁকে (নারী ব্লগারকে) অনুসরণ করছিলেন। পরে এক সহকর্মীর সহায়তায় তিনি বাসায় ফিরে আসেন। এ ঘটনায় তিনি জিডি করেন।
৭ আগস্ট ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে (২৭) তাঁর রাজধানীর পূর্ব গোড়ানের বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের পর আনসার আল ইসলাম নামের একটি সংগঠন দায় স্বীকার করে গণমাধ্যমে ই-মেইল পাঠায়। নীলাদ্রি হত্যার পর তাঁর স্ত্রী আশা মনি অভিযোগ করেন, দুজন লোক তাঁকে অনুসরণ করছে বুঝতে পেরে নীলাদ্রি খিলগাঁও থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন। খিলগাঁওয়ের পুলিশ ঘটনা শুনে বলেছে, তাঁকে আমতলা থেকে অনুসরণ করা হচ্ছে। আর আমতলা পড়ে শাহজাহানপুর থানায়। এরপর তাঁকে সেই থানায় যেতে বলা হয়। শেষ পর্যন্ত কোনো থানাতেই আর জিডি করতে পারেননি নীলাদ্রি।
নারী ব্লগারের বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, তাঁর নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।