নিরাপত্তা চেয়ে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল হাছান ভূঁইয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চান।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার একটি রিসোর্ট সেন্টারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য দেন। নাজমুল হাছান বলেন, ২১ জুন ঢালুয়া বাজারে সিএনজিচালিত অটোরিকশা সমিতির সভাপতি অহিদুর রহমানের সঙ্গে নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার সময় তিনি বা তাঁর পরিবারের কেউ ওই এলাকায় উপস্থিত ছিলেন না। দাপ্তরিক কাজে তিনি নাঙ্গলকোট উপজেলা কমপ্লেক্সে ছিলেন। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁকে ১ নম্বর এবং তাঁর পরিবারের আরও চারজনকে আসামি করে ভাইস চেয়ারম্যানের ভাই একটি মামলা করেছেন। এই মামলার কারণে তিনি ও তাঁর পরিবার লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ জন্য তিনি আইজিপি, জেলা পুলিশ সুপার (এসপি) ও র্যাব-১১-এর সহযোগিতা কামনা করেন।
নাজমুল হাছান ভূঁইয়া আরও অভিযোগ করেন, এ ঘটনার জের ধরে ২২ জুন ভাইস চেয়ারম্যানের অনুসারীরা ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করেন। একই সঙ্গে ঢালুয়া বাজারের ১০টি দোকান ভাঙচুর করা হয়।
আবু ইউসুফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ভাই ও মামলার বাদী মো. আইয়ুব ভূঁইয়া বলেন, চেয়ারম্যানের অনুসারীরাই সেদিন তাঁর ভাইয়ের ওপর হামলা করেছেন।