নিরাপত্তা চেয়ে ছাত্রের বাবার থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় স্কুলে গিয়ে রক্তাক্ত হওয়া সেই ছাত্রের বাবা গত মঙ্গলবার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই ছাত্রও ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এদিকে তদন্ত কমিটি পুনর্গঠন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রতিবেদন জমা দেয়নি।
সিংড়া থানা সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে দেরি করে আসার অভিযোগে শিক্ষকের বেত্রাঘাতে রক্তাক্ত হওয়া উপজেলা পরিষদের বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্র ইকরাম আল কাভির বাবা ইস্রাফিল হক মঙ্গলবার রাতে থানায় ওই জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত দুই শিক্ষক ও তাঁদের আত্মীয়স্বজন মুঠোফোনে ও প্রকাশ্যে অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁকে চাপ দিচ্ছেন। অন্যথায় পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে বলে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এখন তিনি পরিবারের সদস্যদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভীতসন্ত্রস্ত হয়ে ইকরামও স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
গত ২৯ আগস্ট ‘সিংড়ায় স্কুলে গিয়ে রক্তাক্ত ছাত্র’ শিরোনামে প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। শিক্ষামন্ত্রী ঘটনাটি তদন্ত করে দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।