নিরাপত্তা চেয়ে জিডি করলেন আরটিভির সাংবাদিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়িচালক আজম খানের সাক্ষাৎকারসহ খবর প্রচারের পর বেসরকারি টেলিভিশন আরটিভির সাংবাদিক বায়েজিদ আহমেদ নিরাপত্তাহীনতায় পড়েছেন। তিনি নিরাপত্তা চেয়ে রাজধানীর দুটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বায়েজিদ সম্প্রতি রেলের ঘুষ কেলেঙ্কারি নিয়ে সাবেক রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) পলাতক গাড়িচালকের সাক্ষাৎকারসহ দুটি প্রতিবেদন তৈরি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবেদন দুটি প্রচারের পর থেকে অপরিচিত লোকজন তাঁর অফিস ও পূর্ব রাজাবাজারের বাসায় খোঁজখবর করছে। নানাভাবে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি গতকাল সোমবার দুপুরে তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি জিডি করেছেন।