নিরাপত্তা চেয়ে জিডি করেছেন সাবেক মন্ত্রী
সাবেক মন্ত্রী ও সাংসদ সরদার আমজাদ হোসেন নিজের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সরদার আমজাদ হোসেন জানান, গত বুধবার প্রথম আলোয় তাঁর লেখা একটি নিবন্ধ প্রকাশের পর এক নারী তাঁকে ফোন করে বলেন, ‘এসব লেখালেখির কারণে আপনার ক্ষতি হয়েছে, ভবিষ্যতে আরও ক্ষতি হবে। এ নিয়ে আর লেখালেখি করবেন না, করলে পরিণতি ভালো হবে না।’ ওই নারী ঢাকা থেকে ফোন করেছেন বলে জানিয়েছেন। এ সময় তিনি তাঁর গ্রামের বাড়ি বাগমারার হামিরকুৎসায় (আলোকনগর) অবস্থান করছিলেন। এই হুমকির পর তিনি নিরাপত্তা চেয়ে ওই জিডি করেছেন।থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল সরদার বলেন, ‘জিডির বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতার বিচারের দাবি করেছে উপজেলা নাগরিক কমিটি। ১০ আগস্ট প্রথম আলোয় ‘রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক ও ঢাকার সাংসদ নসরুল হামিদ আইন ভেঙে সরকারের সঙ্গে ব্যবসা করছেন’ বলে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে সরদার আমজাদ হোসেনের লেখা একটি নিবন্ধ গত বুধবার প্রথম আলোয় ছাপা হয়।