নিরাপত্তা চেয়ে থানায় জিডি পান্না বালার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সন্ত্রাসী হামলায় আহত প্রথম আলোর প্রতিনিধি পান্না বালা গত বৃহস্পতিবার নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে বিভিন্ন সংগঠন এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
জিডিতে সোমবার রাতের সন্ত্রাসী হামলার ঘটনার বিবরণ দিয়ে পান্না বালা বলেন, ‘আমি আশঙ্কা করছি, ভবিষ্যতেও সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি এ জাতীয় বা এর চেয়ে গুরুতর প্রাণসংহারী হামলার শিকার হতে পারি। এ কারণে আমি নিজের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন।’
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘পান্না বালার ওপর এ হামলার জন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’ ফরিদপুর সচেতন নাগরিক কমিটি বৃহস্পতিবার তাদের নিয়মিত মাসিক সভায় এ হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
আরও নিন্দা জানিয়েছেন হুমায়ূন কবির স্মৃতি পুরস্কার পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, ফরিদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আশিষ পোদ্দার, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কিউ হুসাইন বুলবুল।
সোমবার রাতে পান্না বালা পেশাগত কাজ শেষে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন স্কয়ারের পাশের সংবাদপত্র বিক্রয়কেন্দ্র থেকে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাতনামা আনুমানিক ১৮-২৫ বছর বয়সী ছয়-সাতজন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়।