নিরাপত্তা চেয়ে বগুড়ায় শিক্ষকদের মৌন মিছিল ককটেল হামলা
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসের বাসভবনে ককটেল হামলা-অগ্নিসংযোগ এবং গাড়ি পোড়ানোর ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে গতকাল বৃহস্পতিবার কলেজের শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।
মৌন মিছিল নিয়ে ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথা-তিনমাথা স্টেশন সড়কের সেউজগাড়ি কাল্ল্যার বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে শিক্ষকদের ওপর ককটেল হামলা চালানো হয়েছে। পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। এই হামলার প্রতিবাদে কলেজে ফিরেই শিক্ষকেরা জরুরি সভায় বসেন। শিক্ষক পরিষদ মিলনায়তনে উপাধ্যক্ষ শিরিনা এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকেরা। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার থেকে কলেজে কালো পতাকা উত্তোলন এবং অনির্দিষ্টকালের জন্য ‘প্রতীকী’ ক্লাস বর্জন।
মিছিলের সামনে থাকা বাংলা বিভাগের প্রধান তৌফিক সিদ্দিকী বলেন, চার-পাঁচজন যুবক অতর্কিতে শিক্ষকদের মিছিল লক্ষ্য করে তিন-চারটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে তা বিস্ফোরণের পর সংলগ্ন এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এ সময় শিক্ষকেরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। হিসাববিজ্ঞান বিভাগের প্রধান তাইজুল ইসলাম অভিযোগ করেন, নিরাপত্তা চেয়ে বের করা মৌন মিছিলে পুলিশ শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
সদর থানার ওসি আবু হায়দার মো. ফায়জুর রহমান বলেন, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২টি শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। ঘটনাস্থল থেকে এরফান আলী ও আরিফ হোসেন নামের দুই তরুণকে আটক করা হয়েছে।