নিরাপত্তা চেয়ে বেড়ার নির্বাচন কর্মকর্তার পুলিশকে চিঠি
নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনার তিন দিন পর গতকাল বুধবার নিরাপত্তা চেয়ে থানায় চিঠি দিয়েছেন পাবনার বেড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন। তাঁর একজন প্রতিনিধি চিঠিটি বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পৌঁছে দেন। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান বলেন, এর পরই নির্বাচন কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, রোববারের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, এ জন্য পুলিশকে তিনি চিঠি দেন। এতে সেদিনের ঘটনা উল্লেখ করে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চাওয়া হয়েছে। তবে কারও নাম উল্লেখ করে অভিযোগ করা হয়নি। নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন (গত রোববার) কাগজপত্রের ত্রুটি থাকায় একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাতিজা আমিনুল হক নির্বাচন কর্মকর্তাকে ওই মনোনয়নপত্র গ্রহণ করতে বললে তিনি তা অগ্রাহ্য করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুল নির্বাচন কর্মকর্তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ ওই দিন আমিনুলকে আটক করে এবং পরে ছেড়ে দেয়।