নিরাপত্তা চেয়ে রিয়াদের ভাইয়ের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া হোটেলের কর্মচারী রিয়াদ (১৬) হত্যার প্রধান আসামি আরিফুল ইসলামের বড় ভাই শহীদুল ইসলামের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী মো. রিপন। এ কারণ উল্লেখ করে গতকাল সোমবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
গত ২৭ অক্টোবর রাতে ঢাকার ৭৩ নম্বর স্বামীবাগে ঘরোয়া হোটেলের কর্মচারীদের মেসে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করা হয়। ওই বাড়ির দোতলায় লাগানো তিনটি ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, হোটেল মালিক আরিফুল ইসলামসহ বেশ কয়েকজন যুবক রিয়াদকে মারধর করে রাত পৌনে একটার দিকে মেসের ভেতর নিয়ে যাচ্ছেন। এর প্রায় ২৫ মিনিট পর গুলিবিদ্ধ অবস্থায় রিয়াদকে আরিফুলের ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যেতেও দেখা যায়।
পরে কর্মচারী জসিমকে দিয়ে লাশ ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। সেখানে ছিনতাইকারীদের গুলিতে রিয়াদ মারা গেছে বলে উল্লেখ করা হয়। লাশ মেডিকেলে পাঠিয়ে আরিফুল পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
এ ঘটনার পরদিন ওয়ারী থানায় ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলামকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেন রিয়াদের বড় ভাই রিপন। গত বৃহস্পতিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পূর্ব) ইউনিয়নের হাড়িয়াইন গ্রামে রিয়াদের লাশ দাফন করা হয়। লাশ দাফনের আগে আরিফুলের ভাই শহীদুল মুঠোফোনে রিপনকে ঢাকায় এসে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এ কারণে গ্রামের বাড়িতে নিজের জীবননাশের মধ্যে রয়েছেন জানিয়ে হাজীগঞ্জ থানায় জিডি করেছেন তিনি।
চাঁদপুর প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় জিডি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, আরিফুলের ভাই রাসেলের বিরুদ্ধে দুটি মুঠোফোন নম্বর থেকে রিপনকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয়। জিডিতে বিষয়টি উল্লেখ করেছেন তিনি। জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামের বাড়িতে হুমকি পাওয়ার পর রাজধানী ঢাকায় ফিরে আসতে চাইছেন না রিপন। রিপন প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত ঢাকায় ফিরে আসব কি না ভাবছি। আমার পরিবারের লোকজন চাঁদপুর থেকে বাইরে যেতে নিষেধ করছেন।’