নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের সংবাদ সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও বহিরাগত ব্যক্তিদের প্রবেশ বেড়ে যাওয়ায় গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে লিখিত বক্তব্যে বলা হয়, এক বছর ধরে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থার চরম অবনতি হয়েছে। ফলে ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীরা অস্ত্রের মুখে জিম্মি হয়ে তাঁদের মূলবান জিনিসপত্র হারাচ্ছেন। কখনো ছুরির আঘাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে যাচ্ছেন। গত শনিবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ফিরোজ জামান ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন এবং তাঁর ল্যাপটপ খুইয়েছেন। একই দিন রাতে জিয়া হলের সামনে মুঠোফোন খোয়া গেছে বাবু আহমেদ নামের এক শিক্ষার্থীর। গত বছরের ১৭ ডিসেম্বর যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান ছিনতাইকারীদের মারধরে আহত হন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসের চারদিকে সীমানাপ্রাচীর না থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহেলার কারণে বহিরাগত ও মাদকাসক্ত ব্যক্তিরা সন্ধ্যার পর ক্যাম্পাসে ঢুকে আড্ডা বসায়। তারাই বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ নিয়ে প্রশাসনকে বারবার বলা হলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই দাবিতে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনও করেন শিক্ষার্থীরা।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মর্তুজা আলী বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ আমরা শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’