নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের রামপুর ইউনিয়নের ঘাটপাড়ার হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। পার্বতীপুর প্রেসক্লাবে গতকাল শনিবার এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে অশোক কুমার (৪২), ডালিম কুমার (৪০) ও লিমন চন্দ্র (৩২) লিখিত বক্তব্য দেন। তাঁরা বলেন, ঘাটপাড়া গ্রামে ৩৫টি হিন্দু পরিবার রয়েছে। ৩০০-র বেশি নারী-পুরুষ ও শিশু সন্ত্রাসীদের হুমকির ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। ঈদের দিন রাতে দুর্বৃত্তরা দুই দফা হামলা চালিয়ে মন্দির ও তাঁদের বসতবাড়ি পুড়িয়ে দেয়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় দুটি মামলা হয়েছে।
দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে ওই গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মো. মোজাহার (৫৩), মো. জাকির হোসেন (৪৫) ও তানভির (২০) পরদিনই গ্রেপ্তার হন। বাকি পলাতক আসামিরা মোবাইল ফোনে গ্রামবাসীকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। তাঁরা বলেন, তাঁরা কত দিন পুলিশ পাহারায় থাকবেন? তাঁদের জীবনের কোনো নিরাপত্তা নেই।