নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে কর্মরত সাংবাদিকেরা জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি ওসমান গণি বলেন, সাংবাদিক জহির রায়হানের ওপর হামলার ঘটনায় পুলিশ মামলা নেয়নি। এ জন্য অপরাধীরা শুধু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না, তারা প্রকাশ্যে সাংবাদিকদের হুমকিও দিচ্ছে। এ পরিস্থিতিতে যেকোনো সাংবাদিক যেকোনো সময় হত্যা, গুম কিংবা অন্য কোনো ঘটনার শিকার হতে পারেন। এ জন্য জেলায় কর্মরত সব সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে বাধ্য হয়েছেন।
৬ ডিসেম্বর বৈশাখী টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি জহির রায়হান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন।
প্রেসক্লাবের সভাপতি জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মার্মা গতকাল বান্দরবান প্রেসক্লাবে এসে জহির রায়হানের ওপর হামলার ঘটনা মীমাংসার প্রস্তাব দিয়েছেন। তবে সাংবাদিকেরা জানিয়ে দিয়েছেন, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, মামলা ও সাংবাদিকদের জিডির বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জহির রায়হানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে জেলায় কর্মরত সাংবাদিকেরা গতকালও অবস্থান ধর্মঘট পালন করেন। আজ বুধবার তাঁরা জহির রায়হানের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক।