নিরাপত্তা চেয়েছেন প্রয়াত সাংবাদিকের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের কাছে নিজের ও একমাত্র মেয়ের জীবনের নিরাপত্তা চেয়েছেন প্রয়াত সাংবাদিক আরিফ রহমানের স্ত্রী শামিমা আকতার। একই সঙ্গে তিনি বগুড়ায় বাবার রেখে যাওয়া প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তির ন্যায্য অধিকার আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
গতকাল রোববার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন। তিনি বলেন, ‘একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমার স্বামী সব সময় অসহায় মানুষের জন্য কলম নিয়ে লড়েছেন। অথচ তাঁর অবর্তমানে স্ত্রী-সন্তানের প্রাণ চরম শঙ্কায়। একজন অসহায় নারী হয়ে প্রধানমন্ত্রীর কাছে আমার কন্যার জীবনের নিরাপত্তা চাইছি।’
সংবাদ সম্মেলনে শামীমা আকতার বলেন, তাঁর স্বামী আরিফ রহমান কয়েক বছর আগে হৃদ্রোগে মারা যান। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। আবার বগুড়া শহরে নিজের বাবার ৩০ কোটি টাকার সম্পত্তি থাকলেও সৎমা আর ওই পক্ষের ভাইবোনেরা তা দখল করে রেখেছেন। তিনি অভিযোগ করেন, ‘সৎ ভাইবোনেরা বগুড়া পৌরসভা থেকে ভুয়া ওয়ারিশ সনদ নিয়ে সব সম্পত্তি তাঁদের নামে খারিজ করে নেন। পৌরসভায় আবেদন করার পর ওয়ারিশ সনদে আমার মা ও চার বোনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
শামিমা আকতার দাবি করেন, বগুড়া শহরে তাঁর বাবার প্রায় ১০ বিঘা এবং সুখানপুকুর এলাকায় প্রায় ২৬ বিঘা জমি রয়েছে। এসব সম্পত্তির দাম প্রায় ৩০ কোটি টাকা। এসব সম্পত্তির মধ্যে সৎমা ও সৎভাইবোনেরা কৈচর, পালশা, মালগ্রাম, নিশিন্দারা এলাকায় প্রায় সাড়ে ৯ বিঘা জমি ভুয়া ওয়ারিশ সনদ দেখিয়ে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন। সব মিলিয়ে বাবার রেখে যাওয়া প্রায় কোটি টাকার সম্পত্তি সৎভাই রাশেদুল হাসান, রাকিবুল হাসান, রাফিউল হাসান, হাসিবুল হাসান এবং সৎবোন কানিজ ফাতেমা ও সৎমা জোরপূর্বক ভোগদখল করছেন।