নিরাপত্তা জোরদার হচ্ছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের
দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোর্ট প্রাঙ্গণে যানবাহন প্রবেশের ওপর আরোপ করা হচ্ছে কড়াকড়ি। বিচারক ও আইনজীবীদের প্রবেশপথগুলোও নিয়ন্ত্রিত থাকবে। আইনজীবীরা পোশাকে পরিচিতিমূলক ব্যাজ ধারণ করবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং সিনিয়র আইনজীবীদের মধ্যে গতকাল মঙ্গলবার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধান বিচারপতি নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নে আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান। আইনজীবীরাও সব রকম সহযোগিতা দিতে প্রধান বিচারপতিকে আশ্বস্ত করেছেন।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এই বৈঠকে সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, খন্দকার মাহবুব হোসেন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকন, আবদুল মতিন খসরু, এম মাহবুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন বৈঠকে।
সম্প্রতি রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি।
বৈঠকে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য বেশ কিছু পদক্ষেপ আইনজীবীদের সামনে তুলে ধরা হয়।
এসব পদক্ষেপ হলো আদালত ভবনের মূল ফটক ছাড়া বিকল্প ফটক (শুধু বিচারপতিদের ব্যবহারের জন্য) ব্যবহার না করা, আদালত প্রাঙ্গণে প্রবেশকারী সব যানবাহন পরীক্ষা করা, প্রাঙ্গণে প্রশাসন ও আইনজীবী সমিতির স্টিকারসংবলিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি অবস্থান না করা, রিকশার প্রবেশ নিষিদ্ধ করা, আইনজীবীদের ব্যাজ ও আইনজীবী সহকারীদের সার্বক্ষণিক কার্ড ঝোলানো।