নিরাপত্তা জোরদারে মিয়ানমারকে সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ
এ মাসের শুরুতে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডুর তিনটি সীমান্তচৌকিতে সন্ত্রাসীদের চোরাগুপ্তা হামলায় নয়জন পুলিশ হত্যার পর মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই হামলার পরপরই মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে রাখাইন রাজ্যে আটজন প্রাণ হারান। সেনা অভিযানে অব্যাহত রয়েছে ধরপাকড়। এই পরিস্থিতিতে মিয়ানমারের নিরাপত্তা জোরদারে প্রতিবেশী দেশটিকে সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় এ প্রসঙ্গটি উঠে আসে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ওই আন্তমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন।
এদিকে মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতার পর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এক আঞ্চলিক সংলাপে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে ৯ অক্টোবর সীমান্তচৌকিতে হামলার উৎস খোঁজার পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা বাড়াতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে তথ্য দেওয়া-নেওয়া এবং সীমান্ত সহযোগিতা জোরদারের কথাও বলা হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক কূটনৈতিক সংগঠন দ্য সেন্টার ফর হিউম্যানিটারিয়ান ডায়ালগের (এইচডি) উদ্যোগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একাদশ আঞ্চলিক সংলাপে মিয়ানমার তাদের এই অবস্থানের কথা জানায়।
রাখাইন রাজ্যে সহিংসতার দুই সপ্তাহ পর গত ২১ ও ২২ অক্টোবর সিঙ্গাপুরে ওই সংলাপে মিয়ানমার, বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকালের বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলেন, অং সান সু চির দল এনএলডি ক্ষমতায় আসায় মিয়ানমারের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরির একটি সুযোগ এসেছে বলে বৈঠকে অভিমত দেওয়া হয়। বলা হয়, এই সুযোগ কাজে লাগিয়ে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়াতে হলে মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা জরুরি। তা ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিনের সমস্যার একটি টেকসই সমাধানও চায় বাংলাদেশ। তাই সরকারের উচ্চপর্যায় থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মিয়ানমারকে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতার বিষয়টিকে বিবেচনায় নেওয়া হচ্ছে। গতকালের আলোচনায় এ বিষয়টি গুরুত্ব পেয়েছে।
জানা গেছে, রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর এ মাসে ঢাকায় দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষীদের উচ্চপর্যায়ের বৈঠকটি স্থগিত হয়ে গেছে। আগামী ডিসেম্বরে এই আলোচনা আয়োজনের চেষ্টা চলছে। এ ছাড়া নভেম্বরের প্রথম দিকে প্রস্তাবিত বাণিজ্যসচিব পর্যায়ের এবং শেষ ভাগে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকগুলো নির্ধারিত সময়ে আয়োজনের চেষ্টা চালাচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে সিঙ্গাপুরের সংলাপে রাখাইন রাজ্যের জাতিগত সংঘাত মিটিয়ে মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সমাধানের জন্য সমস্যার মূলে যেতে রাজি হয়েছে মিয়ানমার। সেখানকার মুসলিম জনগোষ্ঠীর নাগরিকত্বের অধিকার না থাকা, মৌলিক অধিকার না পাওয়ার ফলে যে সমস্যা হচ্ছে, তার সমাধানে মিয়ানমার জোর দিয়েছে।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধিদলের একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে মিয়ানমার এই প্রথমবারের সমস্যার মূলে যেতে রাজি হয়েছে। মুসলিম জনগোষ্ঠীর লোকজনের নাগরিকত্বের বিষয়টিতে জোর দিয়েছে। সে দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যেহেতু সংলাপের শেষে গৃহীত দলিলে সই করেছে, এটি স্পষ্ট যে পরিবর্তিত পরিস্থিতিতে মিয়ানমারের অবস্থানের পরিবর্তন হয়েছে।
জানা গেছে, রাখাইন রাজ্যে জাতিগত সংঘাত মেটাতে জনসংখ্যার ঐতিহাসিক তথ্য বিশ্লেষণের জন্য মিয়ানমারের প্রতিনিধিদলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।