নিরাপত্তা জোরদার বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব ও পুলিশের পাশাপাশি গতকাল বুধবার সন্ধ্যা থেকে নগর ও জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকা এবং জামায়াতের হরতাল আহ্বানকে কেন্দ্র করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বুধবার সকাল থেকে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। হরতালের ডাক দেওয়ায় সন্ধ্যা থেকে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ। নগরের বিভিন্ন প্রবেশপথে ও গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন ও লোকজনকে তল্লাশি করা হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশের টহলও। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকেও পুলিশ মাঠে আছে। তিনি বলেন, নাশকতাকারীদের ধরতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

গতকাল বিকেলে নগরের চকবাজার, জিইসি মোড়, প্রবর্তক মোড় ও চট্টেশ্বরী সড়কে তল্লাশিচৌকি বসিয়ে পুলিশকে তল্লাশি চালাতে দেখা যায়।

নগরের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান জানান, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, লোহাগাড়াসহ ১৬টি থানা এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, রাউজানে সাকা চৌধুরীর মামলার সাক্ষীরা অবস্থান করছেন। তাঁদের বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

বিজিবির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (অভিযান) লে. কর্নেল এ আর এম নাছির উদ্দিন একরাম বলেন, চট্টগ্রাম নগর এবং রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে বুধবার সন্ধ্যা থেকে ২০ প্লাটুন বিজিবি নামানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও ১০ প্লাটুন।

গতকাল সকাল থেকে নগর ও জেলার বিভিন্ন স্থানে র‍্যাব সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামির ফাঁসির আদেশ বহাল থাকা এবং হরতালকে কেন্দ্র করে নগর ও জেলায় র‍্যাবের টহল বাড়ানো হয়েছে।  র‍্যাবের গোয়েন্দা দলও মাঠে রয়েছে।

নগরে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার: বাকলিয়া থানার পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন বাকলিয়ার কালামিয়া বাজার ইউনিট জামায়াতের সভাপতি ইমাম হোসেন (৪২) এবং বলিরহাট ইউনিট জামায়াতের সভাপতি আলী আকবর (৫০)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গত মঙ্গলবার দুপুরে কে বি আমান আলী সড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এরপর রাতভর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, ইমাম হোসেনের বিরুদ্ধে চারটি ও আলী আকবরের বিরুদ্ধে একটি মামলা আছে।

ফেনীতে বিজিবি মোতায়েন: ফেনী অফিস জানায়, ফেনীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ ও র‍্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। গতকাল দুপুর থেকে বিজিবি, র‌্যাব ও পুলিশের সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা যায়।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব ও পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েনের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশ গত মঙ্গলবার ও গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১৬ নেতা-কর্মীকে আটক করেছে।