চট্টগ্রামে বাংলা নববর্ষ উদ্যাপনের জন্য নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। আজ রোববার থেকে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করবে। সন্দেহভাজনদের গতিবিধি নজরদারির মধ্যে থাকবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
আজ রোববার থেকে ডিসি হিল ও সিআরবি এলাকায় মানুষের ঢল নামতে পারে। কারণ আজ বাংলা বছরের শেষ দিন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকগান, মেলা ও দেশীয় কারুপণ্যের প্রদর্শনী হবে।
নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বড় অনুষ্ঠানস্থলগুলোতে রোববার থেকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি শুরু হবে। এরপর শিল্পীরা অনুষ্ঠানস্থলে যাবেন। এ ছাড়া তল্লাশি ব্যতীত কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। পুলিশ কমিশনার আরও বলেন, ‘পতেঙ্গা সমুদ্রসৈকতেও পুলিশ সতর্ক থাকবে। নগরের আরও অনেক জায়গায় নববর্ষ উদ্যাপন হবে। সেখানেও আমাদের নজরদারি শুরু হয়েছে। সব মিলিয়ে দুই হাজার বাড়তি পুলিশ নগরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।’