নিরাপত্তা ঝুঁকিতে পথচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণাধীন ভবন থেকে নির্মাণসামগ্রী পড়ে মানুষের প্রাণ যাচ্ছে। নেই কোনো উদ্যোগ। নিরাপত্তার জাল ছাড়াই চলছে বহুতল এই ভবনের নির্মাণকাজ। ছবিটি গতকাল ইস্কাটন এলাকা থেকে তোলা l প্রথম আলো
নির্মাণাধীন ভবন থেকে নির্মাণসামগ্রী পড়ে মানুষের প্রাণ যাচ্ছে। নেই কোনো উদ্যোগ। নিরাপত্তার জাল ছাড়াই চলছে বহুতল এই ভবনের নির্মাণকাজ। ছবিটি গতকাল ইস্কাটন এলাকা থেকে তোলা l প্রথম আলো

চারপাশ জাল দিয়ে ঢেকে ও নিরাপত্তা-মাচা তৈরি করে বহুতল ভবন নির্মাণের বিধান রয়েছে। তবে নির্মাণাধীন বহুতল ভবনের মালিকপক্ষ বা নির্মাতাপ্রতিষ্ঠান অনেক ক্ষেত্রেই তা মানছে না। ফলে নির্মাণাধীন ভবনগুলো পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু ও আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। পত্রপত্রিকায় খবর ছাপা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রয়ই ভবনের ওপর থেকে ইট, কাঠ, পাথর, রড, বাঁশ, যন্ত্রপাতি, পাইপসহ নির্মাণসামগ্রী পড়ে। আহত হওয়ার অনেক ঘটনা ঘটে। এসব ঘটনার প্রধান শিকার পথচারী। নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে যাতায়াত করা বা পার্ক করা যানবাহনেরও ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, কেউ মাচা দেয় তো জাল দেয় না, জাল দিলে মাচা দেয় না। ফলে উন্নয়ন প্রকল্পগুলো জনদুর্ভোগে পরিণত হয়েছে। নির্মাণসামগ্রী পড়ে পথচারীর মৃত্যুকে অপমৃত্যু বলে চিহ্নিত করা হচ্ছে। যদিও এই মৃত্যুগুলো অবহেলাজনিত হত্যাকাণ্ড।
বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা (বিএনবিসি) অনুসারে, নির্মাণাধীন ভবনের চারপাশ নাইলনের জাল দিয়ে ঢেকে দিতে হবে। নির্মাণসামগ্রী যেন পড়ে না যায়, সে জন্য বাইরের দেয়ালে নিরাপত্তামূলক মাচা (কেনোপি) রাখতে হবে। এ মাচা থাকবে নির্মাণকাজের শুরু থেকে শেষ পর্যন্ত। এ ছাড়া ভবনের চারপাশে নোটিশ বোর্ডে পর্যাপ্ত বিপদের চিহ্ন অথবা রঙিন আলো দিয়ে বিপদ চেনার ব্যবস্থা করতে হবে। বিধি অনুসারে, নিরাপত্তার এসব ব্যবস্থা নিশ্চিত করবে ভবনের মালিক বা নির্মাতাপ্রতিষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আসাদগেট, মোহাম্মদপুর, কল্যাণপুর, কাঁঠালবাগান, পান্থপথ, বাংলামোটর এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ নির্মাণস্থলে নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়নি ভবনের মালিক বা নির্মাতাপ্রতিষ্ঠান। কেউ হয়তো শুধু নিরাপত্তা-মাচা তৈরি করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে, কেউ শুধু জাল ব্যবহার করছে। মাচা ও জাল ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।
আসাদগেট নিউ কলোনিতে চলছে একাধিক বহুতল ভবন নির্মাণের কাজ। গত সোমবার একটি নির্মাণাধীন ভবন থেকে লোহার টুকরা পড়ে আহত হন পাশের বাড়ির তত্ত্বাবধায়ক সিরাজ মিয়া। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকে কাজ শেষে আসছিলাম। হঠাৎ ওপর থেকে লোহার একটা টুকরা পড়ে মাথা ফাইটা যায়। অনেক রক্ত পড়ছে।’
গতকাল নিউ কলোনিতে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনগুলোতে নিরাপত্তা-মাচা ব্যবহার করা হয়েছে। কিন্তু ভবনের চারপাশে কোনো ধরনের নিরাপত্তা জাল দেওয়া নেই। ফলে ওপর থেকে নির্মাণসামগ্রী মাচায় পড়ে যেকোনো সময় বাইরে ছিটকে পড়তে পারে।
নিউ কলোনির নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা একজন প্রকৌশলী নাম না প্রকাশের শর্তে বলেন, ভবনগুলোতে মাচা ব্যবহার করা হয়েছে। তারপরেও অসাবধানতাবশত একটি দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে জাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে জাল লাগানো হবে।
অনেক নির্মাণাধীন ভবনে নিরাপত্তাবেষ্টনী থাকলেও তা পর্যাপ্ত নয়। সামান্য টিন বা নেট দিয়ে আর সাইনবোর্ড টাঙিয়ে পথচারীদের সাবধান করে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছেন ভবন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা। ফলে নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে চলাচলকারীদের আতঙ্কে থাকতে হচ্ছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কামালউদ্দিন বলেন, সব সময় ওপরের দিকে তাকিয়ে হাঁটা সম্ভব না। ওপর থেকে যাতে নির্মাণসামগ্রী না পড়ে, সে দায়িত্ব নির্মাণকারীদের। কয়েক দিন পরপরই শুনি ইট পড়ে পথচারী আহত, নিহত। রাজউক কোনো তদারক করে বলে মনে হয় না।
ভবন নির্মাণের সার্বিক প্রস্তুতির মধ্যে অন্যতম হচ্ছে নির্মাণকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা। শ্রমিকদের পোশাক থেকে শুরু করে সবই হতে হবে নিরাপত্তাবান্ধব। বিশেষ করে মাথায় থাকার কথা সেফটি হেলমেট, কোমরে সেফটি বেল্ট, ঢিলেঢালা পোশাক ইত্যাদি। গতকাল রাজধানীর বেশ কিছু নির্মাণাধীন ভবন ঘুরে কাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিতে দেখা যায়নি।
এ বিষয়ে রাজউকের সদস্য (উন্নয়ন) আবদুর রহমান প্রথম আলোকে বলেন, নকশা অনুমোদনের সময় রাজউক বলে দেয়, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে কেউ বাড়ি নির্মাণ করুক, তাদেরকে এটি নিশ্চিত করতে হবে। রাজউকের অথরাইজড কর্মকর্তা বা পরিদর্শক আছে, এটা নজরদারির দায়িত্ব তাদের। কিছু ক্ষেত্রে কর্মকর্তাদের অবহেলা থাকতে পারে।