বাংলাদেশে বিদেশি নাগরিকদের ‘নিরাপত্তাহীনতার’ কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর বাতিল করেছে জার্মানির দুই বিজ্ঞানী ও চার গবেষকের একটি দল। দুই দেশের শিক্ষা বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ২২ দিনের সফরে আজ বুধবার দলটির বাংলাদেশে আসার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সূত্রে জানা যায়, বিজ্ঞানী দুজন হলেন জার্মানির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী মার্কো ফিসার ও সিবাস্তান বার্নডিট। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই দুই বিজ্ঞানীর একটি সিম্পোজিয়ামে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা ও রংপুরে সম্প্রতি দুই বিদেশি হত্যার পর এই সফর বাতিল করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সফরের সমন্বয়কারী বিধান চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা বিনিময় কর্মসূচির অংশ হিসেবে আমাদের শিক্ষার্থীরা গবেষণার জন্য জার্মানি যায়। গবেষণার জন্য তাদেরও চারজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ঢাকায় ইতালীয় নাগরিক খুন হওয়ার পর ওই দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বিজ্ঞানী ও গবেষকেরা সফরে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন।’
বিধান চন্দ্র আরও বলেন, ‘গবেষক দলটি দেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করবে। তাই তাদের নিরাপত্তার বিষয়ে আমরা আর আশ্বস্ত করতে পারিনি।’