জাপানি দাতা সংস্থার অর্থায়নে নির্মাণের পরিকল্পনায় থাকা মাতারবাড়ীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্রের প্রক্রিয়া চূড়ান্ত করার বিষয়টি স্থগিত করেছে বাংলাদেশ সরকার। ১ জুলাই ঢাকার গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ৭ জন জাপানি নাগরিকসহ ২২ জনের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে গত বৃহস্পতিবার একটি সূত্র জানিয়েছে।
জাপানের বার্তা সংস্থা কিয়োদোর বরাত দিয়ে গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে জাপান টাইমস। এতে বলা হয়, জাপানের সহযোগিতায় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। জুলাইয়ের শেষ পর্যায়ে দরপত্রের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা ছিল। মাতারবাড়ী প্রকল্পটি হবে কয়লানির্ভর। এটি হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র। এটির উৎপাদন ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। প্রকল্পের ৮০ শতাংশ অর্থায়ন করার কথা জাপান সরকারের।
দরপত্রের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা ছিল ২৪ জুলাই। জাপানে দুটি প্রতিষ্ঠান তোশিবা করপোরেশন এবং মিতসুবিশি হিটাচি পাওয়ার সিস্টেম লিমিটেড চূড়ান্ত নিলামে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তবে সম্প্রতি গুলশান হামলার পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি আপাতত স্থগিত রাখছে। সূত্রটি জানায়, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিষয়টি চূড়ান্ত হবে।
জাপান ও বাংলাদেশ সরকার ২০১৪ সালে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যাপারে একমত হয়। ২০২৪ সালের মধ্যে তা শেষ হওয়ার কথা রয়েছে।