রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের আদিবাসীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুনরায় হামলার ঘটনা ঘটবে না—প্রশাসনের পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়াসহ কয়েকটি দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়ায় গতকাল বুধবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরকারি ত্রাণ ফিরিয়ে দিয়েছেন।
গত মঙ্গলবার বুড়িঘাট ইউনিয়নে আদিবাসীদের তিনটি গ্রামে হামলার ঘটনা ঘটে। বাঙালিদের বাগানের গাছ ও চারা নষ্ট করার অভিযোগে এ হামলা হয় বলে জানা গেছে। ওই হামলায় সাতটি দোকান ও ৫৪টি বসতঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছে প্রশাসন। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করা হয়েছে।
হামলার প্রতিবাদে রাঙামাটির বিভিন্ন স্থানে এবং খাগড়াছড়ি ও জেলার দীঘিনালা উপজেলায় বিক্ষোভ, সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বুড়িঘাটে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা ও ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত কমিটিতে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে। তাঁরা জানান, পুড়ে যাওয়া দোকান ও বসতঘর ছাড়া আর কতগুলো বাড়িতে হামলা ও লুটপাট হয়েছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে—তা একটি উপকমিটির মাধ্যমে নিরূপণ করা হবে।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে সুরিদাসপাড়ায় ভাঙা ও পুড়ে যাওয়া দোকানগুলোর সামনে বিপুলসংখ্যক মানুষের জটলা। কিছুক্ষণ আগেই তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেলা একটার দিকে ইউনিয়নের বগাছড়ি এলাকার দিক থেকে কয়েকজন বাঙালিকে সুরিদাসপাড়ার দিকে আসতে দেখা যায়। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও এগোলে অসুবিধা হবে—এমন সতর্ক করে অনেকে চিৎকার করতে থাকেন। পরে পুলিশ বাঙালিদের ফিরিয়ে দিলে আদিবাসীরা শান্ত হন। উপস্থিত আদিবাসীরা জানান, তাঁরা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারছেন না যে আর হামলার ঘটনা ঘটবে না।
বিকেল তিনটার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা, ১০০টি কম্বল এবং ঢেউটিন ও জেলা পরিষদ থেকে চাল, কম্বল ও তৈজসপত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই ত্রাণ নেননি। কয়েকটি দাবি পূরণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া না হলে তাঁরা ত্রাণ নেবেন না বলে জানান। পরে ত্রাণসামগ্রীগুলো ফেরত নেওয়া হয়। বুড়িঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রমোধ খীসা জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাড়ি নির্মাণ করে দেওয়াসহ আর কোনো হামলা ঘটনা ঘটবে না—প্রশাসনের কাছ থেকে এমন নিশ্চয়তা দাবি করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ১৫টি বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।
ওই হামলার ঘটনার প্রতিবাদে গতকাল রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ৪০ কিলোমিটারের বেশি এলাকায় আদিবাসীরা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সড়কটি অবরোধ করে। এ ছাড়া বুড়িঘাটে হামলা এবং কাপ্তাইয়ের চিৎমরং উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী উমেপ্রু মারমা হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা শহরে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, উমেপ্রু মারমা হত্যাকাণ্ড ও বুড়িঘাটে আদিবাসীদের বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে বেলা ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম এবং হিল উইমেন্স ফেডারেশন। মিছিলটি সদর উপজেলা পরিষদ হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এর আগে জনসংহতি সমিতি (এমএন লারমা)-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সদরের মিলনপুর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, সকালে হিল জেএসএস (এমএন লারমা), যুব সমিতি এবং চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে কলেজ মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি রাজ্যময় চাকমা।