নিরাপত্তা নিয়ে এখনো সংশয়ে চার দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে এখনো সংশয় রয়েছে বলে জানিয়েছে চার দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার রাষ্ট্রদূতেরা গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের এই মনোভাবের কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করার অনুরোধ করেন রাষ্ট্রদূতদের এবং বলেন, তাঁদের যত দিন দরকার, তত দিন নিরাপত্তা দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের মার্শা বার্নিকাট, যুক্তরাজ্যের রবার্ট গিবসন, কানাডার পিয়েরে বেনওয়া লাঘামে ও অস্ট্রেলিয়ার গ্রেগ উইলকক গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে প্রায় দেড় ঘণ্টা কথা বলেন।

.
.

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘প্রথমত তাঁরা আমাকে ধন্যবাদ জানাতে এসেছিলেন। তবে নিরাপত্তা নিয়ে তাঁদের এখনো সংশয় রয়েছে বলে জানিয়েছেন। তাঁরা বলেছেন, ব্যাপারটা (বিদেশি হত্যা) নিয়ে কী হতে যাচ্ছে, তা তাঁরা এখনো বুঝতে পারছেন না।’
কূটনৈতিক সূত্রেও জানা গেছে, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় চার কূটনীতিক মূলত দুই বিদেশি হত্যার তদন্তের অগ্রগতি ও তাদের দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে সংশয় নিয়ে কথা বলেন। চার কূটনীতিকই বলেন, ইতালি ও জাপানের নাগরিকের হত্যার তদন্ত সম্পর্কে গণমাধ্যমে নানা রকম সংবাদ প্রচারিত হচ্ছে। হত্যার তদন্ত নিয়ে ভিন্ন ভিন্ন খবরে তাঁরা বিভ্রান্ত হচ্ছেন, বুঝতে পারছেন না আসলে কী হচ্ছে। বাংলাদেশ সরকার যে তদন্ত চালাচ্ছে সেটি জানতে পারলে তাদের জন্য অগ্রগতি সম্পর্কে জানা সহজ হতো। এমন পরিস্থিতিতে হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কূটনীতিেকরা অনুরোধ জানান।
রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাষ্ট্রদূতদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি জানতে চান, ‘আপনারা তথ্য দেন কোন কোন জায়গায় আপনাদের অনিশ্চয়তা রয়েছে। আমাদের গোয়েন্দা কর্মকর্তারা সেই সব জায়গা খুঁজে বের করবে।’ এর জবাবে রাষ্ট্রদূতেরা তাঁকে বলেন, যেসব জায়গায় শঙ্কা রয়েছে, সেসব জায়গায় তাঁদের নিজেদের লোকেরাই কাজ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সময় তিনি তাঁদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, ‘আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে সমস্যাটা বেরিয়ে আসবে।’ এ ঘটনার পেছনে আইএসের সম্পৃক্ততার বিষয় উঠলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে যদি আপনাদের কাছে তথ্য থাকে, তাহলে তা আমাদের দেন। আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর। তারা বিষয়টি খুঁজে বের করবে।’ তবে কোনো বিষয়ে ওই চার রাষ্ট্রদূত তথ্য দিতে পারেননি বলে জানান মন্ত্রী।
বর্তমানে বিদেশিদের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা নিয়মিত দেওয়া হবে কি না—বৈঠকে রাষ্ট্রদূতেরা এমন প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের যত দিন নিরাপত্তা দেওয়া প্রয়োজন, তত দিনই নিরাপত্তা দেওয়া হবে। বর্তমানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী কাজ করছে।’
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, সরকারের নেওয়া পদক্ষেপে তাঁরা সন্তুষ্ট। তবে বাংলাদেশে বিদেশিদের ওপর ‘আরও হামলা হতে পারে’—এমন সুনির্দিষ্ট তথ্য থাকার কারণেই দূতাবাসের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘তাঁদের সতর্ক করা আমাদের দায়িত্ব। তাই আমরা তাঁদের সতর্ক করে দিচ্ছি। তবে তাঁর মানে এই নয় যে আমরা তাঁদের এ দেশে আসতে বা চলাফেরা করতে নিষেধ করছি। সরকার নিরাপত্তার যে ব্যবস্থা নিয়েছে, তা অব্যাহত রাখার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা বলেছেন, প্রত্যন্ত এলাকায় বিদেশিরা এখন আর অনিরাপদ মনে করছেন না এবং রাস্তায় পুলিশ দেখে তাঁরা সন্তুষ্ট। সরকার বিদেশিদের নিরাপত্তায় যে ব্যবস্থা নিয়েছে, তা বজায় থাকবে বলে জানান তিনি। দুই বিদেশি হত্যায় আইএস বা মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর জড়িত থাকার কোনো ‘ক্লু’ পাওয়া যায়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমরা যা পেয়েছি, সিম্পলি কন্সপিরেসি। আমরা ঘটনা দুটির কাছাকাছি এসে পৌঁছেছি, খুব শিগগিরই আমরা আপনাদের তা জানাব।’
গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক সিজার তাবেলা খুন হন। এরপর ৩ অক্টোবর রংপুরে খুন করা হয় জাপানের নাগরিক কুনিও হোশিকে। এ দুই ঘটনার আগে ও পরে ঢাকার বিদেশি দূতাবাসগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে।