গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার প্রেক্ষাপটে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা নিজেদের ও বাংলাদেশে তাঁদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এ জন্য নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়ে প্রয়োজনে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ দেখিয়েছেন তাঁরা।
গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক ব্রিফিংয়ে তাঁরা এ অবস্থান তুলে ধরেন।
ওই ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে গুলশানের রেস্তোরাঁয় ১ জুলাইয়ের জঙ্গি হামলার স্বচ্ছ তদন্তের তাগিদ এসেছে। এ ছাড়া ওই হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের কথাও বলেছেন কেউ কেউ।
গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে হত্যার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের আশ্বস্ত করে বলেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় খুঁজে বের করবে।
ব্রিফিংয়ের পর অবশ্য কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক ঘটনাবলিতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে কিছুটা বিচলিত। বিশেষ করে গুলশানের সুরক্ষিত কূটনৈতিক এলাকায় গত ১ জুলাই কয়েক জঙ্গি কীভাবে ঢুকে পড়ল, তা নিয়ে ইউরোপীয় একটি দেশের এক কূটনীতিক ব্রিফিংয়ে প্রশ্ন তোলেন। লাতিন আমেরিকার একটি দেশের কূটনীতিক গুলশানের রেস্তোরাঁয় নিহতদের শ্রদ্ধা জানানোর জন্য আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের একপর্যায়ে লোকজনের হুড়মুড় করে ঢুকে পড়ায় নিরাপত্তায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তবে সন্ত্রাসী হামলার যেসব ঘটনা ঘটছে, সেটাই যে বাংলাদেশের একমাত্র ছবি নয়, সেটাও কূটনীতিকদের কেউ কেউ বলেছেন। তবে প্রতিদিনের পরিস্থিতি যেহেতু নতুন, তাই নতুন করে ভাবা উচিত। তা ছাড়া শুধু রাজধানীই নয়, সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের ভাবা উচিত বলেও কেউ কেউ মত দিয়েছেন।
ব্রিফিংয়ের পর কূটনৈতিক কোরের ডিন ও মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত বিকেলে প্রথম আলোকে বলেন, কয়েকটি দেশের রাষ্ট্রদূতেরা তাঁদের নিজেদের, দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের পাশাপাশি তাঁদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ জন্য কূটনীতিক এলাকার পাশাপাশি বিদেশি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু পররাষ্ট্রমন্ত্রীকে জানান, ইইউভুক্ত দেশের কূটনীতিকেরা কূটনৈতিক এলাকায় নিরাপত্তা পরিস্থিতি জোরদারের বিষয়ে ৪ জুলাই সোমবার চ্যান্সেরি পুলিশের উপকমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। নিরাপত্তা জোরদারের জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রয়োজনে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিয়ং দো খুদে বার্তায় প্রথম আলোকে জানান, বাংলাদেশে ব্যবসা ও চাকরি সুবাদে অবস্থান করা কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁদের নিরাপত্তা চান। ডি কে ওয়াং নামের কোরিয়ার যে নাগরিক হলি আর্টিজান রেস্তোরাঁর পাশে থাকতেন এবং ঘটনাটি ভিডিও করেছেন, তাঁর নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট, জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ, জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লাঘামে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি এম কুলেনিয়েরি, ব্রাজিলের রাষ্ট্রদূত ভানজা কাম্পোস ডি নব্রেগা, ডব্লিউএফপি প্রতিনিধি ও জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্রিস্টা রাডার, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান ভিরান্তা আতমাদা ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত নুর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব আলোচনায় অংশ নেন।