ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রার্থীরা প্রচারের সময় যথেষ্ট নিরাপত্তা পাচ্ছেন না। গতকাল সোমবার রাজধানীর শাহ আলী মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ ওই বাজার থেকে বের হওয়ার সময় বেশ বিশৃঙ্খল পরিস্থিতি ও হট্টগোলের সৃষ্টি হয়। মাজারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় বেশ কয়েকজন তরুণ তাবিথের নিরাপত্তাবেষ্টনী ভেঙে সামনে আসার চেষ্টা করেন। একপর্যায়ে তাবিথের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী এবং ওই তরুণদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে একটি কর্মী সমাবেশে বক্তব্য দেওয়ার পর গতকালের প্রচার শুরু করেন। এরপর তিনি মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় নির্বাচনী প্রচার চালান। আনিসুল হকের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। শ্যামলীর শিশুমেলার সামনে তিনি সপ্তম দিনের মতো প্রচারণা শেষ করেন।
আনিসুল হক এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘রাজধানীর সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি। নির্বাচিত হলে এখন আমার কাজ হবে সমস্যাগুলোর সমাধানের দিকে যাত্রা করা।’ তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ রেখে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। সব দল ও মতের মানুষের অংশগ্রহণের এই নির্বাচনে তিনি জয়ী হবেন—এই আশা করে আনিসুল হক বলেন, ‘আমি আগামী পাঁচ বছর নগরবাসীর সেবা করার জন্য পরিবারের কাছে সময় চেয়ে নিয়েছি।’
এ ছাড়া, সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী যানজটমুক্ত গতিশীল ঢাকা গড়ে তোলার অঙ্গীকার করেছেন। গতকাল সকাল থেকে মিরপুর ১, ২ ও ৬ নম্বরে পথসভায় হাতি মার্কার প্রার্থী ক্বাফী এই অঙ্গীকার করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সাজেদুল হক, আসলাম খান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার।
গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি গতকাল কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় ভোটের জন্য প্রচার চালান। এ সময় তিনি বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে যান। সাকির সঙ্গে সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, আলোকচিত্রী ও গার্মেন্টস শ্রমিকনেত্রী তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলনের নেতা আবুল হাসান রুবেল উপস্থিত ছিলেন। তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গেলে মেয়র প্রার্থী সাকির কাছে পরিবহন শ্রমিকেরা স্থানীয় ধুলো এবং ভাঙা সড়কসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী দুর্নীতিমুক্ত সিটি করপোরেশনের দাবি নিয়ে নির্বাচনী প্রচার চালান। মিরপুর বাংলা কলেজ থেকে শুরু করে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার অধিবাসীদের কাছে ভোট চান এই অভিনেতা ও মেয়র প্রার্থী।