নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবজাতক চুরির ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্রায় নিয়মিতই বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও তাঁদের স্বজনদের টাকাপয়সা, মুঠোফোনসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় হাসপাতালের নিরাপত্তারক্ষী ও আয়ারা জড়িত থাকতে পারেন বলে খোদ হাসপাতাল কর্তৃপক্ষই সন্দেহ করছে।
সর্বশেষ বৃহস্পতিবার নবজাতক চুরির ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে স্ত্রীসহ আটক করা হয়। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে সরকারি-বেসরকারি মিলে ৬৩ জন নিরাপত্তারক্ষী কাজ করছেন। এর মধ্যে সরকারি হচ্ছেন ২১ জন। ৪২ জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে গালফ সিকিউরিটি সার্ভিসেস নামের বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে।
হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৭টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানো হলেও এসবের বেশির ভাগই নষ্ট থাকে। অপরাধের সঙ্গে জড়িত দালাল, আয়া কিংবা নিরাপত্তারক্ষীরা এই সিসি ক্যামেরা নষ্ট করে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি প্রথম আলোকে বলেন, ‘আমার এখানে সিসি ক্যামেরা আজ ভালো তো কাল নষ্ট। নিরাপত্তারক্ষী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের বিরুদ্ধে বিভিন্ন সময় চুরির অভিযোগ উঠছে। দালাল চক্রের সঙ্গে তাঁদের কারও কারও যোগাযোগ থাকতে পারে। বেশির ভাগ সিসি ক্যামেরা নষ্ট। নির্দিষ্ট করে বলতে পারব না কয়টি নষ্ট। এগুলো মেরামতের জন্য স্থায়ী জনবলও নেই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের নিয়োগ করা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান গালফ সিকিউরিটিজের তত্ত্বাবধায়ক আবু জাফর বলেন, ‘কিছু কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা অনেককে ছাঁটাই করেছি। তার পরও দু-একটি ঘটনা ঘটে।’
গত বুধবার বিকেলে ৩৪ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরির সময় ওয়ার্ডের সামনের সিসি টিভি নষ্ট ছিল। ফলে বাচ্চা নিয়ে কে ওয়ার্ড থেকে বের হয়েছে, তা ক্যামেরায় ধরা পড়েনি।
হাসপাতাল সূত্র জানায়, ৩৫টি ওয়ার্ডের ১৫৮ জন বেসরকারি পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) কাজ করেন। এ ছাড়া স্পেশাল আয়া নামে প্রায় ২০০ নারী বিভিন্ন ওয়ার্ডে কর্মরত। এঁরাও বেসরকারিভাবে নিয়োগপ্রাপ্ত। কিন্তু প্রতিনিয়ত অপরাধমূলক ঘটনার কারণে এঁদের ওপর আস্থা হারিয়েছে কর্তৃপক্ষ।
পরিচালক শহিদুল গণি জানান, হাসপাতালের নিরাপত্তার জন্য ১০০ আনসার চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। কিন্তু সেটি এখনো অনুমোদন পাওয়া যায়নি। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক লোক হলে অপরাধ করলে পরে তাঁদের ধরা যায়। তাঁদের দায়িত্বও অনেক বেশি থাকে।
হাসপাতাল সূত্র জানায়, এর আগে ২০০৮ সালে অপর এক নবজাতক চুরির ঘটনায়ও হাসপাতালটির এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০১০ সালের ১২ জানুয়ারি আজিজ উদ্দিন নামে হাসপাতালের এক কর্মচারী এক রোগীর স্বজনের মাথা ফাটিয়ে দেন।
গত বছর হাসপাতালের হৃদ্রোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন শরীফ জহিরউদ্দিন নামে এক উন্নয়ন কর্মী। এ সময় তাঁর ২০ হাজার টাকাসহ একটি ব্যাগ চুরি হয়। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, হাসপাতাল এলাকার পরিবেশ নিয়ে এখন তেমন কোনো অভিযোগ নেই। কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে মুঠোফোন, টাকাপয়সা চুরি হয়।