নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে ১১ দফা সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সময় চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে যাত্রী পারাপারে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সন্দ্বীপের বাসিন্দারা। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এই নৌপথের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও যাত্রী হয়রানি বন্ধে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়।
‘সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে যাত্রী পারাপারে বাস্তবতা ও প্রত্যাশা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে ‘আমরা সন্দ্বীপবাসী’ নামের একটি সংগঠন। মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি রফিকুল মাওলা ১১ দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ নৌযানে যাত্রী পারাপার বন্ধ করা, কুমিরা-গুপ্তছড়াসহ সব নৌপথে কোস্টগার্ডের উদ্ধার নৌযানসহ কোস্টগার্ড মোতায়েন, জাহাজে যাত্রী ওঠানো-নামানোর জন্য পর্যাপ্ত ছোট নৌকার ব্যবস্থা করা, প্রতিদিন সদরঘাট থেকে গুপ্তছড়া নৌপথে জাহাজ চলাচলের ব্যবস্থা করা, সন্দ্বীপে স্বয়ংসম্পূর্ণ নৌবন্দর স্থাপন করা ইত্যাদি।
মতবিনিময় সভায় সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, যাত্রী পারাপার নিয়ে জেলা পরিষদ ও অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার পরস্পরবিরোধী অবস্থানের জন্য মানুষের ভোগান্তি বাড়ছে। যাত্রীদের স্বার্থে এই ভোগান্তি নিরসন হওয়া দরকার।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ব্যবসায়ী নুরুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবির, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন সভাপতি শামসুল কিবরিয়া, নারীনেত্রী রোমানা নাছরিন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শোয়াব উদ্দিন হায়দার, চট্টগ্রামস্থ সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোশারফ হোসেন, চিকিৎসক সাজ্জাদ হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ফোরকান উদ্দিন রিজভী।