নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গত শুক্রবার রাতে ছুরিকাঘাত করেছে একদল ছিনতাইকারী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে মানববন্ধন ও মিছিল করেছেন শিক্ষার্থীরা।
ধারাবাহিকভাবে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো ভূমিকাই নিচ্ছে না বলে সাধারণ শিক্ষার্থীরা গতকালের মানববন্ধনে অভিযোগ করেন। তাঁরা আরও বলেন, বারবার চুরি, ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা ঘটায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হামলার শিকার হওয়া ওই ছাত্রের নাম রেজওয়ান রাশিক (২২)। তিনি প্রকৌশল ও কারিগরি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ক্যাম্পাসের জব্বার মোড় থেকে ৩০০ মিটার উত্তরে একদল ছিনতাইকারী রেজওয়ান রাশিককে ছুরিকাঘাত করে। এতে তাঁর পেটের বাঁ দিকে প্রায় দেড় ইঞ্চি ফুটো হয়ে যায়। ঘটনার সময় রাশিক তাঁর এক বন্ধুর সঙ্গে ওই পথ দিয়ে হাঁটছিলেন। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে গেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন। এতে দুজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনার পরই ঘটনাস্থলের আশপাশ থেকে পাঁচজন সন্দেহভাজন বখাটেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের পরিচয় জানা যায়নি।
হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল দুপুরে ক্যাম্পাসে মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। একই দাবিতে বেলা তিনটায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে বলেন, নয় মাসের মাথায় একই ধরনের হামলার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তাকর্মীদের নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার নিশ্চয়তা চান শিক্ষার্থীরা। পরে তাঁরা একটি মৌন মিছিল করেন।
এ বিষয়ে প্রক্টর এ কে এম জাকির হোসেন বলেন, ‘বড় ক্যাম্পাস। অনেক জায়গায় সীমানাপ্রাচীর নেই। ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন এলাকায় যাতায়াতের রাস্তা থাকায় বহিরাগতরা প্রবেশ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক থাকা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। জড়িত ব্যক্তিদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবারের ছুরিকাঘাতের ঘটনা বিশ্ববিদ্যালয়ে প্রথম নয়; এর আগে গত বছরের ২১ মে মনিফুদ্দোজা নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দীন হাওলাদার বলেন, জনবলসংকটের কারণে এসব ঘটনা ঘটছে। নিরাপত্তাকর্মীর সংখ্যা আগের থেকে কমে গেছে। বারবার প্রশাসনকে বলেও কোনো কাজ হচ্ছে না। তবে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।
উপাচার্য আলী আকবর বলেন, ‘নিরাপত্তাকর্মী অপ্রতুল, এ অভিযোগ সত্য নয়। আমার মনে হয়, এ ধরনের ঘটনায় নিরাপত্তাকর্মীদের গাফিলতি রয়েছে। খুব দ্রুত সভা ডেকে তাঁদের সতর্ক করা হবে।’