নিরাপত্তা নিয়ে আ.লীগ ও বিএনপির সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোলযোগের আশঙ্কা করছে আওয়ামী লীগ ও বিএনপি। জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ কবীর। গতকাল বুধবার পৃথক সংবাদ সম্মেলন করে দল দুটির পক্ষ থেকে এসব আশঙ্কার কথা জানানো হয়।

গতকাল সন্ধ্যায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কফিল উদ্দিনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আশুলিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সাভারের ব্যাংক কলোনির বাসায়। তবে কফিল উদ্দিন সেখানে ছিলেন না।

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সাভার পৌর এলাকার ভোটকেন্দ্রসহ বেশ কিছু কেন্দ্রকে আমরা অতি ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। এসব কেন্দ্রে গোলযোগ হতে পারে।’ সালাউদ্দিন আরও বলেন, ‘নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত আমাদের দলের নেতা-কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে। নির্বাচনী প্রচারণার কাজে বাধা দেওয়া হয়েছে। এসব বিষয় স্থানীয় প্রশাসনসহ থানার পুলিশকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এ অবস্থায় নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত।’

রাত আটটার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সাভারের সাংসদ এনামুর রহমানের সাভারের তালবাগের বাসায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফিরোজ কবীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফিরোজ কবীরের নির্বাচন মনিটরিং সেলের সদস্য এম নজরুল ইসলাম বলেন, ‘আমরা কাউন্দিয়া, তেঁতুলঝোড়াসহ সাভার পৌর এলাকার বেশ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। এসব এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শঙ্কায় আছি।’

নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও বিএনপির অনেক নেতা-কর্মী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। বেশ কিছু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে কাজ করেন। তাঁরা ১৯ দলীয় জোটের সমর্থক। তাই তাঁদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

ফিরোজ কবীর বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও বিএনপিসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিনা বাধায় যেভাবে উপজেলা চষে বেড়াচ্ছেন, তাতে জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।’