নিরাপত্তা নিয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কূটনৈতিক মিশনকে আর্মার্ড ভেহিক্যালের পাশাপাশি তাদের গাড়িতে সাদা রঙের সাধারণ নম্বরপ্লেট ব্যবহারের অনুমতি দিয়েছে। বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোকে মাসিক মাশুলের বিনিময়ে অস্ত্রধারী আনসার মোতায়েনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মাসিক ফির বিনিময়ে অস্ত্রধারী আনসার মোতায়েনে সরকারের ওই প্রস্তাবে এখনো কোনো দেশ সাড়া দেয়নি।
এদিকে বিদেশি মিশনগুলোর নিরাপত্তার সবশেষ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ রোববার দুপুরে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের অবহিত করবেন। ১ জুলাই গুলশানের রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর পরিস্থিতি সামাল দেওয়া এবং বিদেশিদের নিরাপত্তা জোরদারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি তাঁদের সঙ্গে কথা বলবেন।
কূটনীতিকদের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিক বলেন, ৩০ আগস্ট কূটনৈতিক মিশনগুলোকে অস্ত্রধারী আনসারের সেবা নেওয়ার প্রস্তাবটি দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত কোনো মিশন এই সেবা নেওয়ার ব্যাপারে আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি।