নিরাপত্তা নিয়ে ইইউ ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সন্তোষ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রান্স।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মশালার উদ্বোধনী অধিবেশনের পর ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু ও ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, দুই বিদেশি নাগরিক হত্যার তদন্ত সুষ্ঠুভাবে শেষ হলে নিরাপত্তা নিয়ে লোকজনের আস্থা আরও বাড়বে।

পিয়েরে মায়াদু বলেন, ‘এখানে কিছু বিয়োগান্ত ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য পদক্ষেপ নেওয়া দরকার। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েনসহ সরকার অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয়। দারুণ কাজ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেমনটা আগেও বলেছিলাম, সরকার পুরো বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করবে। দোষীরা ব্যক্তিরা শাস্তি পাবে। আমি মনে করি, আমরা এখন যথেষ্ট নিরাপদ এবং ইইউ দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে ঢাকার বাইরে নিজেদের অর্থায়নের প্রকল্পগুলো দেখতে যেতে পারি।’

সোফি অবার্ট বলেন, ‘এক মাস আগের সঙ্গে এখন কোনো তফাত দেখছি না। পুলিশ ও সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।’