নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সার্ক ও আসিয়ানভুক্ত দেশের কূটনীতিকেরা।
গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ব্রিফিংয়ে কয়েকজন কূটনীতিক এ অভিমত তুলে ধরেন। আগামী নির্বাচন সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী সার্ক ও আসিয়ানভুক্ত দেশের কূটনীতিকদের ব্রিফ করেন।
এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রতিবেদককে জানান, ব্রিফিংয়ের শুরুতে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর এ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের অবস্থান জানতে চান।
জানা গেছে, চলমান রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে গুলশান ও বারিধারার কূটনীতিক এলাকায় নিরাপত্তা জোরদার করায় বেশ কয়েকজন হাইকমিশনার ও রাষ্ট্রদূত মন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে নেপাল, ভূটান, মালয়েশিয়া ও ফিলিপাইনের জ্যেষ্ঠ কূটনীতিকেরা বাংলাদেশে অবস্থানরত তাদের দেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী তাঁদের এই বলে আশ্বস্ত করেন যে বিদেশি এসব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ব্রিফিংয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে কূটনীতিক মিশন, বিদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের আশ্বস্ত করেছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার দুই দফায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের ব্রিফ করবেন।