নিজেদের নিরাপত্তাব্যবস্থা এখন নিজেরাই সুদৃঢ় করছেন রাজধানীবাসী। চুরি, ডাকাতি আর ছিনতাই থেকে রক্ষা পেতে আবাসিক এলাকাগুলোর রাস্তায় ফটক তৈরির হিড়িক পড়েছে। নিজ ভবন ও এর আশপাশের এলাকার সুরক্ষায় ভবনের অভ্যন্তর ও বাইরে লাগাচ্ছেন সিসি ক্যামেরা। ভবনের ফটকে নিরাপত্তাকর্মী তো রয়েছেই।
নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, সম্প্রতি দেশে সন্ত্রাস ও জঙ্গিদের হামলা বৃদ্ধি পাওয়ায় জনমানসে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তা থেকেই নিরাপত্তার জন্য তাঁরা এ ধরনের ব্যবস্থা নিচ্ছেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে সাময়িকভাবে মানসিক স্বস্তি এনে দেবে। কিন্তু শহরের একেক অংশে একেক ধরনের নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার কারণে সার্বিকভাবে জনদুর্ভোগ বাড়বে।
রাজধানীজুড়ে জনগণের এমন উদ্যোগের বিষয়ে খোঁজ নিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ জন কাউন্সিলরের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এর মধ্যে ৩৪ জনই জানান, এলাকাভিত্তিক ফটক নির্মাণের হার বাড়ছে। নিরাপত্তা রক্ষায় পুলিশের সহায়ক ভূমিকা হিসেবে এই উদ্যোগকে তাঁরা সমর্থন করছেন। চারজন জানান, ফটক নির্মাণ করে সমস্যার সমাধান আসবে না। তাই জনগণ উদ্যোগ নিতে চাইলেও তাঁরা সমর্থন জানাননি।
এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এখানে রাষ্ট্রের হর্তাকর্তারাই বলছেন তাঁরা সবার নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন না। নিজেদের উদ্যোগী হয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এটি জনগণের কাছে একটি ভুল বার্তা পৌঁছে দিয়েছে।’
এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর উত্তরা, বনানী, গুলশান, নিকেতন, বনশ্রী, দক্ষিণ বনশ্রী, রামপুরা, লালমাটিয়া, মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী, শেওড়াপাড়া, কাজীপাড়া, ধানমন্ডি, বারিধারা, ফার্মগেট, খিলগাঁও চৌধুরীপাড়া, নিউ ইস্কাটন, দিলু রোড, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকায় মূলত এলাকাভিত্তিক ফটক রয়েছে। কিছু আবাসিক এলাকায় ৮-১০ বছর আগেই এসব ফটক নির্মাণ শুরু হয়েছে। তবে ইদানীং ওই এলাকাগুলোসহ অন্যান্য এলাকাতেও নতুন করে ফটক তৈরি হুজুগ সৃষ্টি হয়েছে।
কাউন্সিলররা জানান, আবাসিক এলাকাগুলোকে কেন্দ্র করে কল্যাণ সমিতি গড়ে উঠেছে। এই সমিতিগুলোই ফটক নির্মাণ, ফটকে নিরাপত্তারক্ষী রাখা এবং রাতে এলাকায় নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করে। এ জন্য প্রতিটি বাসা থেকেই একটি নির্দিষ্ট হারে মাসিক অর্থ চাঁদা তোলা হয়। ফটকগুলো রাত ১১টা বা ১২টার পর বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ের পর ফটক দিয়ে প্রবেশ করতে হলে ফটকে থাকা গার্ডকে নাম-পরিচয় দিয়ে প্রবেশ করতে হয়। কোথাও কোথাও এলাকাভিত্তিক স্টিকার তৈরি হয়েছে। ওই স্টিকার লাগানো গাড়ি ছাড়া ফটক দিয়ে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না।
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর এলাকা ধানমন্ডির প্রায় ৬৫টি সড়কে ফটক রয়েছে। রাত ১২টার পর এগুলো বন্ধ হয়ে যায়। প্রবেশ ও বাহির হওয়ার জন্য নির্দিষ্ট দু-একটা ফটক খোলা থাকে শুধু।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২ নম্বর ওয়ার্ড ডিএসসিসির অন্যতম বড় ওয়ার্ড। প্রায় ৭০ হাজার ভোটারের বসবাস এখানে। ওই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আনিছুর রহমান বলেন, তাঁর এলাকা গোড়ান ও দক্ষিণ বনশ্রী এলাকায় প্রায় ১৫০টির মতো ফটক রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পুরো এলাকায় আরও ২০০-২৫০টি ফটক বসবে। রাত ১১টার পর এসব ফটকে পরিচয় না দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, অচেনা কোনো গাড়িও ঢুকতে পারবে না। এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে।
কাউন্সিলররা জানান, এই ফটক ছাড়াও বাসাবাড়িতে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা লাগানো শুরু করেছেন সবাই। বাড়ির ফটকে সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী রয়েছে। তা ছাড়া রাতে এলাকায় টহল দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীর ব্যবস্থাও রয়েছে। অধিকাংশ কাউন্সিলরই বলেছেন, ওয়ার্ডগুলোতে পুলিশের সংখ্যা খুবই অপ্রতুল এবং ঠিকমতো পুলিশের তৎপরতাও নেই।
তবে নিরাপত্তা বাড়াতে ফটক নির্মাণের বিরোধিতা করেছেন কয়েকজন কাউন্সিলর। তাঁরা বলছেন, ঢাকা শহরের সড়কগুলো এমনিতেই সরু। তার ওপর এই ফটকগুলো নির্মাণের ফলে প্রবেশমুখ আরও সরু হয়ে যায়। তা ছাড়া ফটকগুলো নির্মাণের কারণে অবাধ যাতায়াত ব্যাহত হয়। যার কারণে জরুরি ভিত্তিতে যাতায়াতের ক্ষেত্রে জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। এমন অনেক অভিযোগ আসছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন একটি বড় আবাসিক এলাকা উত্তরা। এই এলাকার ১৪টি সেক্টরের মধ্যে ১২টিতেই সাধারণ মানুষের বসবাস। সেক্টরভিত্তিক রয়েছে আলাদা কল্যাণ সমিতি। এই সমিতিগুলোই মূলত সেক্টরের আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়।
উত্তরা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম নাসির উল্লাহ বলেন, প্রতিটি সেক্টরের সড়কগুলোর প্রবেশমুখে ফটক রয়েছে। রাত ১১টার পর যাতায়াতের জন্য সেক্টরগুলোর দু-তিনটি ফটক খোলা থাকে। আর বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া সেক্টরভিত্তিক সর্বনিম্ন ৩২ জন এবং সর্বোচ্চ ৪০ জন করে নিরাপত্তারক্ষী রয়েছে। নাসির বলেন, বাসিন্দাদের নিরাপত্তা জোরদারের জন্যই এই ব্যবস্থা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান বলেন, কল্যাণপুর এলাকায় ২০-৩০টা বাড়ির মালিক মিলে একটা ফটক বানাচ্ছেন। এর ফলে একটা এলাকা ভাগ হয়ে পড়ছে ছোট ছোট ভাগে। এক অংশের সঙ্গে আরেক অংশের কোনো যোগাযোগ থাকছে না। তাঁর মতে, ফটক বানালে ওই এলাকা দিয়ে গাড়ি ও মানুষ যাতায়াত একেবারেই সীমিত হয়ে পড়ায় এলাকাটি নীরব হয়ে যায়। এ কারণে ওই সব জায়গায় অপকর্ম করে নিরাপদে সটকে পড়ার সম্ভাবনাও বেড়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান প্রথম আলোকে বলেন, এভাবে এলাকাভিত্তিক ফটক নির্মাণ করলে একেক এলাকায় একেক ধরনের নিয়ম চালু হবে। এতে একধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া জনগণের অবাধ যাতায়াতও বাধাগ্রস্ত হবে। তাঁর মতে, নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে জনগণ এ ধরনের উদ্যোগ নিলেও সার্বিক প্রক্রিয়ার তত্ত্বাবধান ও দেখভাল পুলিশকেই করতে হবে।