নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল নির্বাচনে নেই। সব আসনে নির্বাচনও নেই। নির্বাচন থাকলেও পর্যাপ্ত প্রতিদ্বন্দ্বী নেই। ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নেই। নির্বাচন নিয়ে অধিকাংশ ভোটারের মধ্যে আগ্রহও নেই। নেই উল্লেখযোগ্য দেশি-বিদেশি পর্যবেক্ষকও।
আছে আসন ভাগাভাগি। আছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ-আতঙ্ক। আছে সংঘাত-সহিংসতার আশঙ্কা। আছে নির্বাচন কলঙ্কিত হওয়ার ঝুঁকি।
এর মধ্যেই কাল রোববার ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সরকারি দল আওয়ামী লীগের কাছে এটি ‘সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন’। বিরোধী দলের কাছে এটি ‘গণতন্ত্র হত্যার নির্বাচন’। ভোটারদের কাছে এটি ‘একতরফা নির্বাচন’। যশোরের একজন নারী ভোটারের ভাষায় এই নির্বাচন ‘ভাই ভাই খেলা’।
এই ভাই ভাই খেলায় নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়ে গেছেন ১৫৩ জন। কাল ভোট হবে বাকি ১৪৭টি আসনে। এতে মোট ভোটার চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন। প্রার্থী ৩৯০ জন।
এ নির্বাচনে অংশ নিচ্ছে ১২টি দল। এর মধ্যে আওয়ামী লীগ ১২০। ২৭টি আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। নির্বাচনে সব মিলে জাতীয় পার্টি ৬৬, জাতীয় পার্টি (জেপি) ২৭, জাসদ ২১ ও ওয়ার্কার্স পার্টি ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যান্য দলের প্রার্থীসংখ্যা এক অঙ্কের ঘরে।
জামায়াত-শিবিরের নাশকতার আশঙ্কায় নির্বাচন কমিশন ১৯টি জেলার ৭০ থেকে ৮০টি আসনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে। এই হিসাবের ভিত্তি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন।
নিরাপত্তার ঝুঁকির কারণে এবারের নির্বাচনে গতকাল শুক্রবার পর্যন্ত দেশি পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারের কিছু বেশি। বিদেশি পর্যবেক্ষক মাত্র চারজন। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে দেশি ও বিদেশি মিলিয়ে পর্যবেক্ষক ছিলেন এক লাখ ৬০ হাজার। বিদেশি পর্যবেক্ষক ছিলেন ৫৮৫ জন।
এবার ভোটাররা যেমন নিরাপত্তার অভাব বোধ করছেন। নিরাপত্তা-শঙ্কায় আছেন প্রার্থীরাও। নিরাপত্তার ঝুঁকি আছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। গতকালই গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচন কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভয়ঙ্কর হামলার শিকার হয়েছে পুলিশ।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে নির্বাচনী পথসভায় এসে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ভোটারদের উদ্দেশে বলেছিলেন, ‘আপনারা নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। কেউ আপনাদের কিচ্ছু করতে পারবে না।’ নির্বাচনী এলাকা না ছাড়তেই তাঁর গাড়িবহরে ককটেল হামলা হয়। ওই দিন রাতে গ্রামে গ্রামে এসে সাধারণ মানুষকে শাসিয়ে যায় একদল মুখোশধারী।
স্থানীয় জুতার দোকানি সুভাষ দত্ত জানান, পানের দোকানে মুখোশধারীদের দেখে তিনি দোকান বন্ধ করে তড়িঘড়ি করে বাড়ি চলে গেছেন। একই কথা জানান ওষুধের দোকানি আমিনুল।
জায়গীরপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার জানান, এ এলাকার আওয়ামী লীগের লোকজনের মধ্যে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। রাতে মুখোশধারীরা এসে তাঁদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিয়ে যাচ্ছে।
ঠিক উল্টো চিত্র ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে। সেখানে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য চাপ, এমনকি হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভোটার। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলোচিত-সমালোচিত সাংসদ নুরুন্নবী চৌধুরী। সরকার নানা কসরত করে নির্বাচনে রাখা জাতীয় পার্টির এ কে এম নজরুল ইসলাম তাঁর প্রতিদ্বন্দ্বী।
কিশোরগঞ্জে মাত্র একটি আসনে (কিশোরগঞ্জ-৩; করিমগঞ্জ-তাড়াইল) নির্বাচন হচ্ছে। কিন্তু ভোট সুষ্ঠু এবং ভোটার উপস্থিতি নিয়ে সংশয় জানিয়েছেন অনেক ভোটার। স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের দাবি, প্রতিপক্ষের দাপট ও ভয়ভীতির কারণে সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারছেন না তিনি। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া এ আসনে জাপার প্রার্থী মুজিবুল হকের সমর্থকেরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের নাম প্রত্যাহার করাচ্ছেন বলে অভিযোগ।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনের দিন ও এরপর জেলার দুই প্রভাবশালী ‘খান’ ও ‘সিদ্দিকী’ পরিবারের সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কা করছেন ভোটাররা। এ আসনে কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকীর মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছানোয়ার হোসেন। ছানোয়ারের পক্ষে কাজ করছে টাঙ্গাইলের রাজনীতিতে সিদ্দিকী পরিবারের চির প্রতিদ্বন্দ্বী খান পরিবার। এ পরিবারের আমানুর রহমান খান ওরফে রানা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির আশঙ্কা জানিয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।
কুমিল্লায় স্বতন্ত্র ও জাপার প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন, আগের সাংসদ ও তাঁদের অনুসারীরা নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে কেন্দ্রে ঢুকে সিল মারতে পারেন।
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোস্তফা কামাল বলেন, ‘আমার এলাকায় সহিংসতা হতে পারে। আমার নিরাপত্তাই হুমকিতে। আমি পুলিশ সুপারের কাছে গানম্যান চেয়েছি।’
শঙ্কায় আছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের ভোটাররা। গত বৃহস্পতিবার রাতে এ আসনের তিন উপজেলায় ককটেল হামলার পর আতঙ্ক আরও বেড়েছে। গত ১০ মাস এ এলাকা কার্যত অবরুদ্ধ ছিল।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের হিন্দু ধর্মাবলম্বীরা নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে আতঙ্কে রয়েছেন। ভোট দেওয়া নিয়ে তাঁরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তবে আদিবাসী ভোটাররা ভোট দেবেন বলে জানান।
সাতক্ষীরা-১ আসনের অধিকাংশ এলাকায় প্রার্থীরা প্রচারণাই চালাতে পারেননি। অনেক এলাকায় ভোটাররা প্রার্থীদেরই চেনেন না। জামায়াত-শিবিরের তাণ্ডবের পর যৌথ বাহিনীর অভিযানের পরও বাড়িঘর ছেড়ে যাওয়া অধিকাংশ মানুষ ফেরেননি।
এ অবস্থায়ও নির্বাচন কমিশনের আশাবাদ, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের আশা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। এর বাইরে কিছু ঘটবে না।

১৪৭ আসনে ভোট
৩৯০ জন প্রার্থী
১২ দল প্রতিদ্বন্দ্বিতা করছে
৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন ভোটার
১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়েছেন