
হাতিরঝিলের পাশেই গড়ে উঠেছে রামপুরা মহানগর আবাসিক এলাকা। হাতিরঝিল প্রকল্প চালুর পর গত তিন বছরে এর দ্রুত বিকাশ ঘটেছে। নিরাপত্তাব্যবস্থা উন্নত। যোগাযোগের সুবিধাও ভালো। বেশ ছিমছাম পরিবেশ। তবে খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। সড়ক ভাঙাচোরা আর পানির সংকটও আছে এই আবাসিক এলাকায়।
২০১৩ সালের ২ জানুয়ারি হাতিরঝিল প্রকল্প চালু হলে ঝিলের রামপুরার প্রান্তের দক্ষিণ পাশে মহানগর আবাসিক এলাকায় নতুন অনেক ভবন নির্মিত হয়। এখনো বেশ কিছু প্লটে ভবন নির্মাণের কাজ চলছে। মহানগর আবাসিক এলাকার বাসিন্দারা মিলে গঠন করেছেন মহানগর আবাসিক সমাজকল্যাণ সমিতি। এলাকার বিভিন্ন উন্নয়নকাজ সমিতির লোকজন দেখাশোনা করে থাকেন।
গতকাল শুক্রবার দেখা যায়, মহানগর আবাসিক এলাকার প্রবেশপথগুলোতে আছে লোহার ফটক। প্রতিটি সড়কের বৈদ্যুতিক খুঁটিতে বসানো হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। আছে নিরাপত্তারক্ষী। এলাকাবাসীর ব্যক্তিগত গাড়ি চিহ্নিত করার জন্য সমিতির পক্ষ থেকে আলাদা স্টিকারের ব্যবস্থা করা হয়েছে। ফলে নিরাপত্তারক্ষীরা মহানগর আবাসিক এলাকার গাড়ি সহজেই চিহ্নিত করতে পারেন।

কল্যাণ সমিতির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় পৌনে সাত লাখ টাকা ব্যয়ে এলাকায় বসানো হয়েছে ৬৪টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। ১৮ জন নিরাপত্তারক্ষী দুই পালায় দায়িত্ব পালন করেন। এলাকায় প্রবেশের ফটকগুলো খোলা হয় সকাল ছয়টায় এবং রাত ১১টায় বন্ধ হয়।
সমিতির সভাপতি মো. ফিরোজ আলম বলেন, এলাকার নিরাপত্তাব্যবস্থা ভালো। তবে পানির সমস্যা তীব্র। এলাকার ৭ নম্বর সড়কে পানির পাম্প আছে, সেটি প্রতিস্থাপন করা দরকার। তবে খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, বাজার ও স্কুল নেই।
সমিতি সূত্রে জানা যায়, মহানগর আবাসিক এলাকায় প্রায় ৪৩৫টি প্লট আছে। এর মধ্যে শতাধিক প্লটে এখনো ভবন নির্মিত হয়নি। বর্তমানে এখানে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস।
মহানগর আবাসিক এলাকায় তিনটি মূল সড়কসহ আটটি সড়ক আছে। এসব সড়কের মধ্যে ১, ৪ ও ৬ নম্বর সড়ক বেশ
ভাঙাচোরা। এলাকার প্রায় প্রতিটি সড়কেই ভ্যানগাড়িতে করে শাকসবজি, ফলমূল, মাছ বিক্রি করতে দেখা যায়। স্থায়ী কাঁচাবাজার না থাকায় এসব ভ্যান গাড়ি থেকেই এলাকার বাসিন্দাদের অনেকে বাজার করেন।
হাতিরঝিল প্রকল্প চালু হলেও প্রকল্প এলাকার দুই পাশের ১৬ কিলোমিটার রাস্তায় কোনো বাস অথবা মিনি বাস চলাচলের অনুমতি ছিল না। ফলে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসীর দুর্ভোগ ছিল নিত্যদিনের। গত বছরের ডিসেম্বরে হাতিরঝিল এলাকায় বাস সার্ভিস চালু হয়। মহানগর প্রজেক্টের ৯ নম্বর সড়কের মাথায় চক্রাকার বাস সার্ভিসের স্টপেজ করা হয়। ফলে প্রতিদিন মহানগর আবাসিক এলাকার হাজারো বাসিন্দা যাতায়াতে সুবিধা পাচ্ছেন।
তবে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা বলছেন, চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম। মহানগর বাস স্টপেজে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক যাত্রী বললেন, ‘বাস কম হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাসে উঠতে পারি না। দ্রুত আরও বাস না দিলে যাত্রীরা আগ্রহ হারিয়ে ফেলবেন।’