নিরাপত্তা পদক্ষেপের মান বৃদ্ধির তাগিদ রাষ্ট্রদূতদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হামলার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। তবে এসব পদক্ষেপের মান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘লাইফ অ্যান্ড বিজনেস অ্যাজ ইজুয়্যাল’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার তিন মাস অতিবাহিত হওয়ার পর এই এলাকার জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যের বর্তমান অবস্থা নিয়ে সভার আয়োজন করা হয়। গুলশানে ডিএনসিসির নতুন ভবনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার; বিদেশি ক্রেতা সংস্থার প্রতিনিধি; শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতা; গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা আলোচনা সভার যে অংশে বক্তব্য দেন, তাতে সাংবাদিকদের থাকতে দেওয়া হয়নি। শেষ বক্তা হিসেবে সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিশেল বক্তব্য দেওয়ার সময় সভাস্থলে সাংবাদিকদের ঢোকার অনুমতি দেওয়া হয়। সভা শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সভার পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মেয়র ও ডিএমপি কমিশনার।
মার্শা বার্নিকাট বলেন, ‘গুলশানে হামলার পর কম-বেশি ১০০ দিন হয়ে গেছে। নিরাপত্তা বাহিনী অসাধারণ কাজ করেছে, তারপরও হুমকি নেই তা শতভাগ বলা যাবে না। এখন পর্যন্ত সরকার যা করেছে তাতে আমরা কৃতজ্ঞ, কিন্তু সন্তুষ্ট বলব না। সন্তুষ্ট হলেই নমনীয়তা চলে আসবে, যা ভয়ংকর হতে পারে।’
সভায় সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিশেল বলেন, ‘বিভিন্ন হাইকমিশন, দূতাবাস বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। কারণ বিদেশিরা সন্ত্রাসীদের হামলার সুনির্দিষ্ট লক্ষ্য। পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, কিন্তু আমরা কোন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছি, সেটা নিশ্চিত না। আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। আমরা যে হুমকি দেখেছি, তা শুধু বিদেশিদের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য। আমাদের সম্মিলিতভাবে এটার সমাধানের পথ খুঁজতে হবে।’
ইতালীয় রাষ্ট্রদূত মারিও পালমা বলেন, ‘হামলার ১০ দিন পরেও ইতালীয় নাগরিক বাংলাদেশে এসেছেন। এখানে আসা ইতালির ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বুঝেছি, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কিন্তু পরিস্থিতি এখনো অস্থিতিশীল এমন অনুভূতি রয়ে গেছে। অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর মান ও পেশাদারি আরও বাড়ানো প্রয়োজন।’
গৃহীত পদক্ষেপের মান ও পেশাদারি বাড়ানোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বিদেশিরা মানসম্মত নিরাপত্তা চাইছেন। তাঁরা নিরাপত্তাকর্মীদের ব্যবহৃত অস্ত্র, গাড়ি আরও আধুনিক ও স্মার্ট করার কথা বলেছেন। তাঁদের মানসম্মত নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।’
মেয়র আনিসুল হক বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার পর বিদেশিরা ভিত হয়ে পড়েছিলেন। অনেকে দেশ ছেড়েছিলেন। তিন মাস পরে বিদেশিরা বলছেন, তাঁদের ভয় অনেকখানি কেটে গেছে। তবে ভয়ের অনুভূতি আছে, তা আরও কমাতে হবে। এই অনুভূতি কাটাতে ছয় মাস, নয় মাস কিংবা এক বছর সময় লাগবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ৭ জুলাইয়ের পরে আর কোনো বড় সন্ত্রাসী হামলা হয়নি। সে জন্য সরকার আত্মতৃপ্তিতে ভুগছে না। সন্ত্রাস ও উগ্রবাদকে স্থায়ী রূপে নির্মূল করতে সরকার বিশেষায়িত দল গঠন করেছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় ব্যবসায়ীরা বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পর বিরূপ প্রভাব পড়েছিল এই এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান, হোটেলগুলোতে। হামলার পর গুলশান এলাকার হোটেলগুলোর ধারণক্ষমতার তুলনায় অতিথির সংখ্যা অনেক কমে গিয়েছিল। ব্যবসার মন্দা পরিস্থিতি আস্তে আস্তে কেটে যাচ্ছে।
সভায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ মঞ্জুর এলাহী, আবদুল মাতলুব আহমাদ, মীর নাসির হোসেন প্রমুখ।