নিরাপত্তা পরিদর্শকের বাড়িই নিরাপত্তাহীন
সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা এলাকার নিরাপত্তা পরিদর্শকের বাসাসহ দুই কর্মকর্তার বাসায় গত রোববার রাতে ডাকাতি হয়েছে। কারখানার আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা গৃহকর্তাকে কুপিয়ে মালামাল লুট করেছে।
ফেঞ্চুগঞ্জ সার কারখানা এলাকার ডাকাতির শিকার পরিবার দুটির সঙ্গে কথা বলে জানা যায়, কারখানার আবাসিক এলাকায় কারখানার ল্যাবরেটরি ইনচার্জ শাহজাহান আলীর বাসার পেছনের দিককার ঘুলঘুলি ভেঙে ১০-১২ জন ডাকাত ঢুকে সবাইকে বেঁধে ফেলে। ডাকাতেরা এ বাসা থেকে স্বর্ণালংকার ও পাঁচটি মুঠোফোন লুট করে। আবাসিক এলাকায় ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কারখানার নিরাপত্তা পরিদর্শক আনিসুর রহমান। এ সুযোগে ডাকাতেরা আনিসুরের বাসায় হানা দিয়ে একটি সোনার হার, একটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
নিরাপত্তা পরিদর্শক আনিসুর রহমান ডাকাতির শিকার হওয়ার কথা নিশ্চিত করে বলেন, থানায় মামলা করতে কারখানার ব্যবস্থাপকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। খবর পেয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার গোপাল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহামঞ্চদ সহিদুর রহমান গতকাল বিকেলে বলেন, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশু হাসপাতালসংলগ্ন ব্যবসায়ী বোরহান উদ্দিনের বাড়িতে গত রোববার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা গৃহকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করে পাঁচ-ছয় ভরি স্বর্ণালংকারসহ মালামাল এবং ২৫ হাজার টাকা লুট করে।
পুলিশ ও মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গ্রামের কাজল মিয়ার নেতৃত্বে সশস্ত্র একটি দল ১৯ জানুয়ারি জাকির মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে জাকির মিয়ার মা রাবেয়া বেগমসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। জাকির মিয়া বাদী হয়ে ওই দিনই কাজল মিয়াকে প্রধান আসামি করে নবীনগর থানায় মামলা করেন। পুলিশ ২১ জানুয়ারি গ্রামে আসামি ধরতে গেলে কাজল মিয়ার লোকজন পুলিশের উপস্থিতিতেই জাকির মিয়ার লোকজনের ওপর আরেক দফা হামলা চালায়। দ্বিতীয় দফার হামলায় আহত হয় আরও ১০ জন। কাজল মিয়া এলাকায় কাজল ডাকাত হিসেবেও পরিচিত। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ কয়েকটি মামলা আছে।