নিরাপত্তা পরিষদ আদৌ কি কোনো ব্যবস্থা নেবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লি মনে করেন, নিরাপত্তা পরিষদের উচিত মিয়ানমারের রোহিঙ্গা প্রশ্নটি তাদের নিয়মিত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা। শুধু তা-ই নয়, পরিষদের উচিত রাখাইন রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে একটি শক্ত প্রস্তাব গ্রহণ করা। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে এক সংলাপে লি এই মন্তব্য করেন।

ইয়াংহি লির মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা সংকটটি এক দিনে এই অবস্থায় এসে পৌঁছায়নি। এখন তা মিয়ানমারের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্রে প্রবেশ করেছে। কাজেই সমস্যাটি অনেক দিন থেকেই আর সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার নয়।

অবনতিশীল পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমার প্রশ্নে একটি প্রস্তাব গ্রহণের বিষয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। পরিষদের দুই স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্য ইতিমধ্যে প্রস্তাবের একটি খসড়া বিলি করেছে, যাতে সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধ ও বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মানবাধিকার, মানবিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করে জাতিসংঘের সাধারণ পরিষদের থার্ড কমিটি।

অধিকাংশ পর্যবেক্ষক একমত, থার্ড কমিটিতে ইয়াংহি লি নিরাপত্তা পরিষদের কাছে ব্যবস্থা গ্রহণের যে আবেদন রেখেছেন, তার ফলে এই প্রশ্নে পরিষদের সুনির্দিষ্ট প্রস্তাব গ্রহণের জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে। লি তাঁর লিখিত বিবৃতিতে মিয়ানমারের পরিস্থিতির সচিত্র বিবরণ তুলে ধরে বলেন, রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। তাদের গ্রাম ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পর হাজারো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অথচ মিয়ানমার কর্তৃপক্ষ বাস্তব ঘটনা অস্বীকার করেই চলেছে। এই অবস্থায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ যে তথ্য অনুসন্ধানী দল পাঠাতে চেয়েছে, মিয়ানমারের উচিত তাদের বিনা বাধায় যেতে দেওয়া।

জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে মিয়ানমারের নেতাদের কথোপকথনের প্রসঙ্গ টেনে ইয়াংহি লি বলেন, অং সান সু চি তাঁদের যে ৫০ শতাংশ মুসলিম গ্রাম ভস্মীভূত হয়নি সেগুলোর কথা বিবেচনায় রাখতে বলেছেন। অন্যদিকে সে দেশের সেনাবাহিনীর প্রধান প্রথমে দাবি করেন, পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের সংখ্যা বাড়িয়ে বলা হচ্ছে। পরক্ষণেই তিনি মন্তব্য করেন, বাংলাদেশে রোহিঙ্গাদের যাওয়ার কারণ সম্ভবত তারা সেখানে অধিক নিরাপদ বোধ করে। সবচেয়ে বিস্ময়কর কথা বলেছেন উদ্বাস্তুদের নিরাপদ প্রত্যাবর্তনের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী। তাঁর কথায়, রোহিঙ্গা ‘জাতি নির্মূল’ হুমকির সম্মুখীন, এমন একটি মিথ্যা দাবি প্রমাণের জন্যই হাজারো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে।

লির বক্তব্যের বিরোধিতা করে কমিটির সামনে বক্তব্যে মিয়ানমারের প্রতিনিধি দাবি করেন, অবস্থা আগের চেয়ে ভালো। বর্তমান সরকার শান্তি ও সমঝোতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রোহিঙ্গা উদ্বাস্তুদের তাদের সম্মতির ভিত্তিতে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি জানান, মিয়ানমার চায় না তার দেশের ব্যাপারে থার্ড কমিটি আলাদা কোনো ম্যান্ডেট গ্রহণ করুক। নিরাপত্তা পরিষদের কথা উল্লেখ না করলেও মিয়ানমারের প্রতিনিধির বক্তব্য থেকে স্পষ্ট, পরিষদ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উত্থাপন করলে বিষয়টি তারা সুনজরে দেখবে না।

মিয়ানমার প্রশ্নে ঠিক কী ব্যবস্থা গ্রহণ করা উচিত, সে প্রশ্নে নিরাপত্তা পরিষদের সদস্যদের ঐকমত্য রয়েছে, তা বলা যাবে না। এ ব্যাপারে তাঁদের মতভেদের বিষয়টি গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিষদের প্রথম উন্মুক্ত বৈঠকেই পরিষ্কার হয়। এতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও যুক্তরাষ্ট্র রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের কঠোর সমালোচনা করলেও রাশিয়া ও চীন নমনীয় অবস্থান গ্রহণ করে। চীনা রাষ্ট্রদূত দাবি করেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। আর রুশ রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে।

এই অবস্থায় নিরাপত্তা পরিষদে আলোচনার জন্য যদি কোনো প্রস্তাব ওঠে, তাতে রাশিয়া বা চীনের ভেটো প্রদানের আশঙ্কা রয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে যে খসড়া প্রস্তাবটি বিলি করা হয়েছে, তাতে অবশ্য মিয়ানমারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়নি। এতে শুধু সহিংসতা বন্ধ, উদ্বাস্তুদের ফেরত নেওয়া ও বিনা বাধায় ত্রাণ পাঠাতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এতে রোহিঙ্গা জঙ্গি ও মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উভয়কেই চলমান সহিংসতার জন্য দায়ী করা হয়েছে।

কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, যে ভাষায় খসড়াটি লেখা হয়েছে, চীন ও রাশিয়া তা অনুমোদন করে না। রুশ দৈনিক ইজভেস্তিয়া দুই দিন আগে জানায়, মিয়ানমারের প্রতি সমালোচনাপূর্ণ কোনো প্রস্তাবে রাশিয়া ভেটো প্রয়োগ করবে। কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, এই খসড়ায় বেশ কিছু ধারা রয়েছে, যা রাশিয়ার চোখে গ্রহণযোগ্য নয়। অবশ্য রুশ বৈদেশিক মন্ত্রণালয় ইজভেস্তিয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ যাতে একটি প্রস্তাব গ্রহণ করে, সে ব্যাপারে গঠনমূলক আলাপ-আলোচনায় রাশিয়া আগ্রহী।

নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা প্রশ্নে কোনো প্রস্তাব গ্রহণে সক্ষম হবে কি না, এই প্রশ্নের জবাবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন প্রথম আলোকে বলেন, বিষয়টি এই মুহূর্তে আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই চাইব এই প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় ঐকমত্যের ভিত্তিতে তাদের সিদ্ধান্ত গ্রহণ করুক। নিরাপত্তা পরিষদ যদি সুনির্দিষ্ট প্রস্তাব গ্রহণের বদলে পরিষদের সভাপতির নামে একটি বিবৃতি প্রকাশ করে, বাংলাদেশ তাতে সন্তুষ্ট হবে না।’ তিনি বলেন, শুধু নিরাপত্তা পরিষদে নয়, জাতিসংঘ সাধারণ পরিষদেও যাতে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়, সেটিই বাংলাদেশের লক্ষ্য।

রাষ্ট্রদূত মাসুদ বলেন, সমস্যাটি জটিল। যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের অধিকাংশই এখনো ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছে। ফলে রাখাইন রাজ্যে পরিস্থিতির প্রকৃত উন্নতি না হলে এদের অনেকেই স্বেচ্ছায় ফিরে যেতে চাইবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণের ভিত্তিতে বাংলাদেশ ও মিয়ানমার সংকটের শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাক।

রাষ্ট্রদূত মাসুদ প্রথম আলোকে বলেন, আগামী কয়েক দিনে একাধিক জাতিসংঘ পর্যবেক্ষক দল রোহিঙ্গা উদ্বাস্তুদের অবস্থা সরেজমিনে দেখার জন্য বাংলাদেশে আসছে। এর মধ্যে রয়েছেন যৌন সহিংসতাবিরোধী ও সামরিক সংঘাতে শিশুদের পরিস্থিতিবিষয়ক জাতিসংঘ মহাসচিবের দুই বিশেষ প্রতিনিধির দপ্তরের সদস্যরা।