জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে ২০১৭-১৮ মেয়াদের জন্য নিজেদের প্রার্থিতার পক্ষে বাংলাদেশের সমর্থন চেয়েছে সুইডেন। দেশটির প্রধানমন্ত্রী কেজেল স্টেফান লফভেন গতকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই সমর্থন চান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, ১০ মিনিটের টেলিফোন আলাপের সময় উভয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী একে অন্যকে নিজেদের দেশ সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠানে যোগ দিতে সুইডিশ প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
ইহসানুল করিম বলেন, উভয় প্রধানমন্ত্রী আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শরণার্থী ও অভিবাসী বিষয়ে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যৌথ সভাপতিত্ব করার বিষয়েও একমত হয়েছেন।