নিরাপত্তা প্রহরী চেয়ে নগর পুলিশের কাছে মহিউদ্দিনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দীন চৌধুরী সার্বক্ষণিক গানম্যান (সশস্ত্র নিরাপত্তা প্রহরী) চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো মেয়র পদপ্রার্থীকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন আগামী ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২ জুন প্রতীক বরাদ্দের দিন ঠিক করেছে। প্রতীক বরাদ্দের পরই নির্বাচন কমিশন ও পুলিশ সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে মেয়র পদপ্রার্থীর জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে।সূত্র জানায়, গত বৃহস্পতিবার মেয়র পদ থেকে পদত্যাগের আগের দিন মহিউদ্দিন গানম্যান চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন। আবেদনে পদত্যাগের পর মেয়রের সঙ্গে থাকা গানম্যান বহাল রাখার পাশাপাশি তাঁর নিরাপত্তার দিকে নজর দেওয়ার অনুরোধ করা হয়। উচ্চপর্যায়ের সিদ্ধান্তের জন্য তাঁর আবেদনপত্র পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি।নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার মো. মইনুদ্দীন মহিউদ্দিনের আবেদনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন কোনো প্রার্থীকে এভাবে গানম্যান দেওয়ার বিধান রাখেনি। এ জন্য আমরা সাবেক মেয়রের আবেদনপত্র পুলিশ সদর দপ্তর ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছি।’ তিনি বলেন, মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র চূড়ান্ত হওয়ার পর আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে গানম্যান দেওয়া হতে পারে।মেয়র থাকাকালে মহিউদ্দিন সরকারের কাছ থেকে সার্বক্ষণিক পুলিশি পাহারা এবং একজন গানম্যানের সুবিধা পেতেন। গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করলে প্রশাসন তাঁর পুলিশি পাহারা ও গানম্যান প্রত্যাহার করে।