নিরাপত্তা বাড়ানো হয়েছে আদালতপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আদালতপাড়ায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। আদালত অঙ্গনে প্রবেশের প্রধান ফটকগুলোতে চারটি আর্চওয়ে বসানো হচ্ছে। এ জন্য পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে আবেদন করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন আইনজীবীরা।

পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। পুলিশের লালবাগ বিভাগকে আদালত এলাকায় নিরাপত্তা বাড়ানোর বিষয়টি অবহিত করা হয়েছে। আজ সোমবার নিরাপত্তার কথা চিন্তা করে আরও চারটি আর্চওয়ে বসানোর জন্য পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনজীবী নেতা ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ প্রথম আলোকে বলেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার হয়েছে। তাই আদালত এলাকায় নিরাপত্তা বাড়ানো পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো উচিত। তিনি বলেন, ‘জঙ্গিগোষ্ঠী কোথায় কী অবস্থানে আছে, তা আমাদের কারও জানা নেই। আদালত এলাকার আশপাশ এলাকায় বাণিজ্যিক, আবাসিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি গোয়েন্দা তৎপরতা বাড়ানো উচিত।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তার বিষয় নিয়ে আমরা বিচারক ও আইনজীবী নেতাদের সঙ্গে কথা বলেছি। আদালত এলাকায় টহল পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

নয় দিনের ছুটি শেষে গতকাল রোববার আদালত খোলার পর আইনজীবীরা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আজ সোমবার প্রথম আলোতে ‘আদালতপাড়ার নিরাপত্তা নিয়ে আইনজীবীদের শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পুলিশ প্রশাসন থেকে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রবেশপথে বসানো দুটি আর্চওয়ের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য আইনজীবী ও বিচারপ্রার্থীদের দেহ তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন। এ নিয়ে পুলিশের সঙ্গে আইনজীবী ও বিচারপ্রার্থীদের বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটেছে।

আইনজীবী এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে তল্লাশি করা হচ্ছে। এ বিষয়টি আইনজীবী ও বিচারপ্রার্থীদের বুঝতে হবে। তা না হলে নিরাপত্তা বিঘ্নিত হবে। এই আদালতপাড়া বিভিন্ন সময়ে জঙ্গি হামলার শিকার হয়েছে। আদালতপাড়া গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দাবি জানান তিনি।