সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী প্রায়ই রাজপথে বিক্ষোভের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। এতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিহত হয়েছে অন্তত ১৫০ জন। আহত হয়েছে দুই হাজারের বেশি মানুষ। গ্রেপ্তার করা হয়েছে বিপুলসংখ্যক বিক্ষোভকারীকে। কিন্তু বাংলাদেশের কর্তৃপক্ষ সত্যিকার অর্থে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহির ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। নিরাপত্তা বাহিনীর লাগাম টেনে ধরতে কঠোর ব্যবস্থা না নিলে চলতি বছর রাজপথে আরও অনেক রক্ত ঝরবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজপথে বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা-সম্পর্কিত ৪৮ পৃষ্ঠার প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
৯৫ জন ভুক্তভোগী, তাঁদের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও আইনজীবীদের সাক্ষাত্কারের ভিত্তিতে ‘রাজপথে রক্ত: বাংলাদেশে বিক্ষোভের সময় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জন্য পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে প্রতিবেদনে। এতে দাবি করা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়েছে। নির্মম ও বেআইনিভাবে তাঁদের মারধর করেছে। কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্যের নিহত হওয়ার বিষয়টি স্থান পেয়েছে। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনজন কর্মীও নিহত হয়েছে বলে উল্লেখ রয়েছে।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে বাংলাদেশে চলতি বছরের ফেব্রুয়ারিতে বড় ধরনের বিক্ষোভের সূত্রপাত ঘটে। জামায়াতে ইসলামীর এক জ্যেষ্ঠ নেতাকে (কাদের মোল্লা) আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তাঁর ফাঁসির দাবিতে বিপুলসংখ্যক বিক্ষোভকারী রাজপথে নেমে আসে।
২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে দলের সমর্থকেরা হরতাল ডাকে, সহিংসতায় লিপ্ত হয় এবং বিক্ষোভ করে। ফেব্রুয়ারি ও এপ্রিলে নিরাপত্তা বাহিনীর হাতে জামায়াতের বেশ কিছু বিক্ষোভকারী নিহত হন। আহত হন কয়েক শ নেতা-কর্মী।
আরেকটি রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা ঘটে ৫ ও ৬ মে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে। এ সময় নিরাপত্তা বাহিনী কয়েক লাখ বিক্ষোভকারীর মুখোমুখি হয়। কিছু ক্ষেত্রে পুলিশ আন্তর্জাতিক মান অনুসরণ করে হেফাজতের কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। তবে অন্য ক্ষেত্রে পুলিশের বল প্রয়োগ ছিল বেআইনি। ওই ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারের বেশি।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামসের আশঙ্কা, জাতীয় নির্বাচন ও যুদ্ধাপরাধীদের আরও রায় সামনে রেখে রাজপথে বিক্ষোভ বাড়তে পারে। সেই সঙ্গে বাড়বে সহিংসতার ঝুঁকি। নিরাপত্তা বাহিনীর লাগাম টেনে ধরতে সরকার কঠোর ব্যবস্থা না নিলে বছর শেষ হওয়ার আগে রাজপথে আরও অনেক রক্ত ঝরবে।
সংস্থাটি বলেছে, বাংলাদেশ সরকারের উচিত বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ বন্ধ নিশ্চিত করা। শিশুসহ বিক্ষোভকারীদের নিহত হওয়ার ঘটনা তদন্তে সরকারের উচিত একটি স্বাধীন কমিশন গঠন করা। এই আইনবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা উচিত। এ ছাড়া এসব ঘটনার নিরপেক্ষ মূল্যায়নে বাংলাদেশের উচিত জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের অনুমোদন দেওয়া।
এইচআরডব্লিউর অভিযোগ, বিক্ষোভে নিহত ব্যক্তিদের পরিবার ও সাক্ষীদের ভয় দেখাতে তাঁদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী গুরুতর ফৌজদারি অভিযোগে মামলা দিচ্ছে। এসব মামলায় শত শত বা হাজার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হচ্ছে। এরপর বিশেষ করে জামায়াতের সমর্থকদের গণগ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট এলাকায় যাচ্ছে পুলিশ। ফলে পরিবারের পুরুষ সদস্যরা ভয়ে এলাকা ছেড়েছেন। অনেকেই লুকিয়েছেন।
সংস্থাটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিক্ষোভের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যম ও সুশীল সমাজের স্বাধীনভাবে কথা বলার সুযোগ কমেছে। এ প্রসঙ্গে ইসলামিক টিভি ও দিগন্ত টিভি বন্ধ করে দেওয়ার কথা বলছে এইচআরডব্লিউ। দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের কারাগারে পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চার ব্লগারকে গ্রেপ্তারের বিষয়টিও এইচআরডব্লিউর প্রতিবেদনে এসেছে।
আইনপ্রয়োগকারী সংস্থার বল প্রয়োগ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে জাতিসংঘের মৌলিক নীতিমালা অনুসরণে নিরাপত্তা বাহিনীকে প্রকাশ্যে নির্দেশ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। এ বিষয়ে সংস্থাটি তাদের প্রতিবেদনে কিছু নির্দেশনাও দিয়েছে।