নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে চায় রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতোভ। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান রাষ্ট্রদূত। 

সৌজন্য সাক্ষাৎ​ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, গুলশান হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করে রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ চাইলে নিরাপত্তা বিষয়ে রাশিয়া সহযোগিতা দেবে। এ ছাড়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়। সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী সময়ে রাশিয়ার সহযোগিতার কথা স্মরণ করেন। বিদ্যুৎ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান।
নবনিযুক্ত রাষ্ট্রদূত জানান, রাশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে প্রস্তুত। তিনি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের গুণগত মান বৃদ্ধির প্রশংসা করে দুই দেশের বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে দুই দেশের নিজস্ব মুদ্রায় বিনিময় করার প্রস্তাব দেন রাষ্ট্রদূত।