নিরাপত্তা ব্যবস্থাপনা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মৌচাক মার্কেটের সামনে নির্মাণাধীন উড়ালসড়কের ওপর দেয়ালে লাগানো ইস্পাতে ঝালাইয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। নিরাপত্তার জন্য চোখে কোনো গ্লাস বা কাচের আবরণ নেই। নিচের রাস্তায় চলাচলকারী পথচারীর গায়ে-মাথায় ছিটকে পড়ছে আগুনের ফুলকি। আচমকা আগুনের ছোঁয়ায় আতঙ্কিত হয়ে সরে যাচ্ছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১টায় এ দৃশ্য চোখে পড়ে। অথচ ৩৫ ঘণ্টা আগে মালিবাগ রেলগেটের কাছে উড়ালসড়কের গার্ডার (কলামের ওপর স্থাপিত যাবতীয় ভারবহনকারী রড-সিমেন্টের কাঠামো) পড়ে স্বপন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত দুজনের পা কাটতে হয়েছে। এত কিছুর পরও গতকাল নিরাপত্তা ব্যবস্থাপনার পরিবর্তন হয়নি।
তমা কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান অবশ্য প্রথম আলোকে বলেছেন, ‘দুর্ঘটনাটি দুঃখজনক। এটা কীভাবে যে ঘটে গেল, আমরা বুঝে উঠতে পারিনি।’
গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এ কথা জানান।
তদন্ত কমিটির সদস্যরা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কমিটির প্রধান ও এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আরও কদিন সময় লাগবে।